বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. সোহরাব আকনকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন। দণ্ডপ্রাপ্ত মো. সোহরাব আকন মুলাদী উপজেলার তয়েকা এলাকার বাসিন্দা।
গতকাল মঙ্গলবার বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আদিব আলী আসামির উপস্থিতিতে ওই রায় দেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খান ওয়াহিদ উদ্দিন আহম্মেদ বলেন, মুলাদী উপজেলার বাসিন্দা মো. সোহরাব আকনের সঙ্গে মিলি বেগমের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরই সোহরাব হোসেন স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। ২০০৭ সালের ২০ অক্টোবর চিকিৎসার কথা বলে স্ত্রী মিলি বেগমকে ঢাকা নিয়ে যান সোহরাব আকন। ২২ অক্টোবর ঢাকা থেকে বরিশালে ফেরার পথে মিলি বেগমকে লঞ্চ থেকে মেঘনা নদীতে ফেলে হত্যা করেন সোহরাব। তখন মিলি বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ওই ঘটনায় নিহত মিলির বোন মিনি বেগম বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করেন।