বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ৬

বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাস একটি থ্রি হুইলারকে চাপা দেয়। এতে এক বৃদ্ধ (আনুমানিক ৬৫) নিহত হয়েছেন। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন থ্রি হুইলারের ছয় যাত্রী।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে নগরের সিঅ্যান্ডবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন শাকিল আহমেদ (১৮), ফয়সাল (২৫), হৃদয় (২৫), ইলিয়াস (২৬), রাজিব (৪২) ও আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি। তবে নিহত ৬৫ বছরের অজ্ঞাত ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল বলেন, ‘হতাহতরা সবাই তিন চাকার যানের যাত্রী ছিলেন। তিন চাকার যানটি নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিল। পথে সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়া এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়গামী বিআরটিসির দোতলা বাস সেটিকে চাপা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে।