বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত
বরিশালে সড়ক দুর্ঘটনায় শাহানা আক্তার ওরফে সীমা (২৭) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার মল্লিক ডোবা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
শাহানা আক্তার বাউফলের কেশবপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুসংলগ্ন এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহানা আক্তার।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বাউফল থেকে বিদ্যালয়ের কাজে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বরিশাল আসছিলেন শাহানা।
বেলা দুইটার দিকে বরিশাল নগরসংলগ্ন কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর কাছে পৌঁছালে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান শাহানা আক্তার। পরে স্থানীয় লোকজন তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।