বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
বরিশালের গৌরনদী ও উজিরপুরে গত শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। উজিপুরের ঘটনায় এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও একটি ট্রাক ভাঙচুর করে। উজিরপুরে নিহত ব্যক্তির নাম আনোয়ার রাড়ি (৩৫)। তিনি ওই উপজেলার মাহার গ্রামের সত্তার রাড়ির ছেলে। গৌরনদীতে নিহত হয়েছে লাবণী খানম (৯)। লাবণীর বাড়ি গৌরনদীর ডুমুরিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মাহার গ্রামের আনোয়ার রাড়ি (৩৫) নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েক শ লোক রাত আটটা থেকে নয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা শিকারপুর বাসস্ট্যান্ডে গতিরোধক নির্মাণের দাবিতে বিক্ষোভ করে। পরে তারা একটি ট্রাক ভাঙচুর করে। এক ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলার ইল্লা-বাকাই সড়কের বাকাই গ্রামের দিনু সাহার বাড়ির কাছে দুটি শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী লাবণী খানম (৯) নিহত ও অন্য ১০ যাত্রী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী মহাসড়ক থানার এসআই আবদুল রাজ্জাক জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।