বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের বিভিন্ন স্থানে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আলোকচিত্রীসহ চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র জাহিদুল ইসলাম (১৫) ও কাশিপুর বাজারের চায়ের দোকানি কুদ্দুস মিয়া (৪৮)। সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় আহত হন প্রথম আলোর বরিশাল অফিসের আলোকচিত্রী রহমান আরিফ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের ক্যামেরাম্যান জুয়েল সরকার।প্রথম দুর্ঘটনাটি ঘটে নগরের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে স্কুলের শিক্ষার্থী জোবায়ের ছুটির পর সাইকেলে সহপাঠী জাহিদুলকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। এর কিছুক্ষণ পর ঢাকাগামী শাকুরা পরিবহনের একটি বাস তাদের সাইকেলকে ধাক্কা দেয়। এতে জাহিদুল ছিটকে ওই বাসের চাকার নিচে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় জোবায়ের।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাহিদুলের সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান। তিনি শাকুরা পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, যান চলাচল শুরুর ১৫ মিনিট পর দুপুর একটার দিকে আগের ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে কাশিপুর চৌমাথায় আরেকটি দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী ইটবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন চায়ের দোকানি কুদ্দুস মিয়া। এ দুর্ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়ার পথে দুপুর দুইটার দিকে বিল্ববাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন আলোকচিত্রী রহমান আরিফ ও ক্যামেরাম্যান জুয়েল সরকার। একটি প্রাইভেট কার তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন। এ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন প্রাইভেট কারটি আটক করে। সড়ক দুর্ঘটনায় রহমান আরিফের মুঠোফোনটি খোয়া গেছে। আহতদের দেখতে বিকেল সাড়ে চারটার দিকে মেয়র শওকত হোসেন বরিশাল শেরেবাংলা চিকিত্সা মহাবিদ্যালয়ে যান।এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় বাসের ধাক্কায় একটি রিকশা দুমড়ে-মুচড়ে গেলে রিকশাচালক আশরাফ আলী গুরুতর আহত হন।