বরিশালে সড়ক সংস্কারের দাবিতে জনতার অবরোধ
বরিশাল নগরের হাতেম আলী কলেজ থেকে রুইয়ার পুল পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, চার বছর ধরে সড়কটি মেরামত না করে অবহেলিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এ কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল, এমনকি হেঁটে চলাও অসম্ভব হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, অবরোধ পালনে সকাল ১০টার দিকে সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নেয় শত শত মানুষ। তারা গাছের গুঁড়ি ফেলে ও সড়ক খুঁড়ে কর্মসূচি পালন করে। একপর্যায়ে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এম শহীদুল ইসলামও জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
তাবলিগ জামাতের আমির মাওলানা জোবায়েরুলের ইন্তেকাল
প্রথম আলো ডেস্ক
তাবলিগ জামাতের আমির মাওলানা জোবায়েরুল হাসান গতকাল মঙ্গলবার সকালে নয়াদিল্লির ড. রাম মনোহর লোহিয়া হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
বাসস জানায়, গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মাওলানা জোবায়েরুল হাসানের মৃত্যুতে তাবলিগ জামাত হারিয়েছে তাদের একজন সুযোগ্য আমিরকে। মুসলিম উম্মাহ হারিয়েছে একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদকে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় বেগম খালেদা জিয়া মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।