বরিশালে সড়কের গাছ কাটছেন ঠিকাদার ও আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক প্রশস্ত করার জন্য বরিশাল সিটি করপোরেশনের নিয়োগ করা ঠিকাদার ও স্থানীয় আওয়ামী লীগের দুজন নেতা জেলা পরিষদের মালিকানাধীন সড়কের পাশ থেকে গাছ কেটে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আর জেলা পরিষদ বলছে, সিটি করপোরেশন তাদের অনুমতি ছাড়াই সড়ক উন্নয়নের কাজ করছে।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, কাশিপুর বাজার থেকে কুদঘাটা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক প্রস্থে ২২ ফুট থেকে ৩০ ফুট করার জন্য গত মাসে দুজন ঠিকাদার নিয়োগ করা হয়। এর মধ্যে কাশিপুর থেকে তেঁতুলতলা পর্যন্ত সড়ক প্রশস্ত করার কাজ পান ঠিকাদার মফিজুর রহমান। তেঁতুলতলা থেকে কুদঘাটা পর্যন্ত সড়কের কাজ পান ঠিকাদার শাহাবুদ্দিন আজাদ।সোমবার কাশিপুর তেঁতুলতলা, বারৈজ্জের হাট ও কুদঘাটা এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কের পাশের মেহগনি, রেইনট্রি, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটছেন শ্রমিকেরা। স্থানীয় লোকজন জানান, অধিকাংশ গাছ ২০-২৫ বছর আগে লাগানো। প্রায় এক মাস ধরে গাছ কাটা চলছে। গাছ কাটায় নিয়োজিত শ্রমিক মো. শাহজাহান জানান, ইতিমধ্যে দুই শতাধিক গাছ কাটা হয়েছে। আরও ২০০-৩০০ গাছ কাটা পড়বে। আরেক শ্রমিক মো. জালালউদ্দিন জানান, সড়কের দুই পাশের গাছ কাটার জন্য সিটি করপোরেশন ও আওয়ামী লীগের নেতারা নির্দেশ দিয়েছেন।ঠিকাদার শাহাবুদ্দিন আজাদ বলেন, সড়ক প্রশস্ত করার জন্য বেশ কিছু গাছ কাটা পড়েছে। সেগুলো বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, কাশিপুর বাজার থেকে তেঁতুলতলা পর্যন্ত সড়কের পাশের গাছ ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে কাটা হচ্ছে। এ ছাড়া বেশ কিছু গাছ আশপাশের বাড়ির মালিক তাঁদের দাবি করেও কেটেছেন।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন বলেন, সড়কটি জেলা পরিষদের। দুই পাশের গাছও জেলা পরিষদের। বর্তমানে সিটি করপোরেশন সেখানে সড়ক উন্নয়নের কাজ করছে। সড়কের পাশের সব গাছ কেটে ফেলছে। তারা কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনি। তিনি বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর হোসেন ও কামরুল ইসলামের নেতৃত্বে এসব গাছ কাটা হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। সরকারের কর্মচারী হিসেবে সরকারি সম্পত্তি রক্ষা করতে পারলাম না। তবে গাছ কাটার ঘটনায় ২০ ও ২৬ ফেব্রুয়ারি জেলা পরিষদের জরিপকারী রিয়াজ বাদী হয়ে বিমানবন্দর থানায় দুটি মামলা করেছেন। মামলায় টুটুল চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ও কামরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।’সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, সড়কটি জেলা পরিষদের কি না, তা তাঁদের জানা নেই। সিটি করপোরেশন এলাকায় হওয়ায় ওই সড়কসহ অনেক সড়কই তাঁরা নিয়ে নিচ্ছেন। তবে মেয়র অথবা তাঁরা কাউকে গাছ কাটতে নির্দেশ দেননি; আবার বাধাও দেননি।জাহাঙ্গীর হোসেন বলেন, ঠিকাদারেরা গাছ কেটে নিচ্ছেন এমন অভিযোগের পর তিনি সেখানে যান। মেয়রের অনুমতি নিয়ে যার যার বাড়ির সামনের গাছ তাদের কেটে নিতে বলা হয়। তবে তাঁরা কোনো গাছ কাটেননি। কামরুল ইসলাম বলেন, ‘আমরা গাছ কাটার সঙ্গে জড়িত নই। দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একদল লোক আমাদের বিরুদ্ধে ওই অভিযোগ তুলছে।’ঠিকাদার মফিজুর রহমান তাঁর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন গাছ কাটার ঘটনায় দুটি মামলা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।বন বিভাগের কর্মকর্তা এমাদুল হক বলেন, তেঁতুলতলা থেকে কুদঘাটা পর্যন্ত সড়কের একটা অংশের গাছ বন বিভাগের। সেখানকার কিছু গাছ তাঁদের জিম্মায় আছে। তবে এর বাইরে যেসব গাছ কাটা হয়েছে তার হিসাব তাঁদের কাছে নেই।