বরিশালে হোটেলে প্রকৌশলীর স্ত্রীর গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ গতকাল সোমবার সকালে এক প্রকৌশলীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। তাঁর নাম নাজমা জহির শোভা। পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সেতু বিভাগের প্রকৌশলী জহিরুল ইসলাম গত ৫ ফেব্রুয়ারি স্ত্রী শোভাকে (৫০) নিয়ে নগরের আবাসিক হোটেল আলী ইন্টারন্যাশনালের একটি কক্ষ ভাড়া নেন। জহিরুল ইসলাম একটি প্রকল্পের কাজে প্রতিদিন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা সফর করেন। গতকাল ভোর পাঁচটায় তিনি বরগুনার উদ্দেশে হোটেল থেকে বের হন। সকাল আটটার দিকে তিনি মোবাইল ফোনে স্ত্রীকে না পেয়ে হোটেল ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়াকে ফোন করেন। হোটেল বয় রনি ওই কক্ষের দরজায় টোকা দিয়ে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জহিরুল ইসলামকে জানান। তখন জহিরুল স্ত্রীর ছোট বোন রুমা আক্তারকে ফোন করে বিষয়টি জানান এবং হোটেল ব্যবস্থাপককে নকল চাবি দিয়ে কক্ষের দরজা খুলে দেখতে বলেন। ইউসুফ মিয়া, রুমা আক্তার ও রনি তালা খুলে কক্ষে ঢুকে বিছানার ওপর গলা কাটা অবস্থায় শোভার লাশ দেখতে পান। প্রকৌশলী জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল পাঁচটায় হোটেল থেকে বের হওয়ার সময় স্ত্রী তাঁকে এগিয়ে দেন। হোটেল বয় তাঁর ব্যাগ গাড়িতে তুলে দেন।তবে সহকারী ব্যবস্থাপক আ. মালেক প্রথম আলোকে বলেন, জহিরুল ইসলামের স্ত্রী তাঁকে এগিয়ে দেননি। দারোয়ান গেট খুলে দেওয়ার পর তিনি একাই বের হন। হোটেল বয়ও তখন সেখানে ছিলেন না।দারোয়ান আনোয়ার হাওলাদার জানান, ‘ওনার স্ত্রীকে কোনো দিন ওনাকে এগিয়ে দিতে দেখিনি।’পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালা সাংবাদিকদের জানান, ‘এখনো হত্যার কোনো সূত্র পাওয়া যায়নি।’