বরিশালে ১০ গুণী শিল্পীকে সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে বরিশাল শিল্পকলা একাডেমী। গতকাল বুধবার নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বরিশালে সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে অবদান রাখছেন বা রেখেছেন এমন ১০ জনকে সম্মাননার জন্য মনোনীত করা হয়। এঁদের মধ্যে পাঁচজনকে ২০১৪ সালের জন্য এবং পাঁচজনকে ২০১৫ সালের গুণী শিল্পী হিসেবে সম্মাননা জানানো হয়। তাঁদের ক্রেস্ট, উত্তরীয়, সনদ ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
২০১৪ সালের জন্য সম্মাননা পাওয়া শিল্পীরা হলেন সংগীতশিল্পী সুকুমার সরকার, নৃত্যশিল্পী অঞ্জনা রায়, আবৃত্তিশিল্পী মীর মুজতবা আলী, নাট্যশিল্পী হাবিবুল হক ও যাত্রাশিল্পী শাসছুন নাহার বেগম (বেলা খান)। আর ২০১৫ সালের জন্য সম্মাননা পাওয়া শিল্পীরা হলেন সংগীতশিল্পী প্রাণ কৃষ্ণ পাল, নাট্যশিল্পী জ্যোতি প্রকাশ রায়, নৃত্যশিল্পী মতিলাল বড়াল, যাত্রাশিল্পী রবীন্দ্রনাথ হালদার ও যন্ত্রশিল্পী গণেশ চন্দ্র রায়।