বরিশালে ১২টি বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের নতুন বাজার এলাকায় সন্ত্রাসীরা গত মঙ্গলবার সকালে প্রায় তিন ঘণ্টা তাণ্ডব চালিয়ে ১২টি বসতঘর গুঁড়িয়ে দিয়েছে। এ সময় পাঁচ ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন: মো. মানিক মৃধা, মো. মামুন মৃধা, মো. জলিল মৃধা, মো. নজরুল ইসলাম, মো. মুন্না, মো. শহিদুল ইসলাম ও মহিবুল ইসলাম। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঘটনাস্থলের মাত্র ২০০ গজ দূরে ফাঁড়ি থাকলেও পুলিশের সদস্যরা তাণ্ডব চলাকালে সহযোগিতায় এগিয়ে আসেননি। তবে অভিযোগের ব্যাপারে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অশোক কুমার নন্দী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কোনো পুলিশ সদস্যের গাফিলতি থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার এলাকার গনি ভিলার পৈতৃক সম্পত্তিতে ১৫টি পরিবার কয়েক যুগ ধরে বাস করে আসছে। গতকাল ভোররাতে মানিক মৃধার নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী পরিবারগুলোর ওপর হামলা চালায়। তারা প্রথমে বাড়ির চারদিক ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে এসব পরিবারের সব সদস্যকে একটি ঘরে আটকে রাখে। বাসিন্দাদের ১০-১২টি মুঠোফোনও তারা ছিনিয়ে নেয়। এরপর বসতঘর ভাঙতে শুরু করে তারা। এ সময় বাধা দিতে গেলে সালমা বেগম, নিপা বেগম ও মুকুল বেগমসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। মুকুল বেগম অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসীরা শুধু ঘর ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি। ওরা আমাদের সবকিছু লুট করে নিয়েছে। আশপাশের বাসিন্দাদের মালামালও লুট করেছে। দীর্ঘ সময় তাদের তাণ্ডব চললেও পুলিশ আমাদের উদ্ধারে এগিয়ে আসেনি।’ সিরাজ হাওলাদার নামের প্রতিবেশী এক বৃদ্ধ জানান, গনি ভিলায় তাঁর ছেলেও থাকত। ভোরে হইচই শুনে তিনি রাস্তায় নেমে দেখেন ওই বাড়ির কাছে দুই দল যুবক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। তারা ওই বাড়ির ভেতর কাউকে ঢুকতে বা সেখান থেকে বের হতে দিচ্ছে না। সকালে চিৎকার ও কান্নার শব্দে আশপাশের মানুষ সেখানে ভিড় জমায়। তখনো পাশের ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা আসেননি। আটক মো. মানিক মৃধা বলেন, ওই সম্পত্তি তাঁদের। তাই তাঁরা সেই সম্পত্তি দখলে নিতে গিয়েছিলেন। এ ব্যাপারে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন জানান, বাড়িঘরের দখল নিতে বেশ কিছু লোক সেখানে যায়। তারা বাড়িঘর ভাঙচুর করেছে। সকাল সাতটায় ঘটনা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান বলেন, ‘হামলা-ভাঙচুরের ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’