বরিশালে ১৩ হাজার হেক্টরের ফসল নষ্ট
অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে বরিশাল বিভাগের ছয়টি জেলায় ১৩ হাজার হেক্টরের ধান, আউশের বীজতলা, রবিশস্যসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। এতে সরাসরি এক লাখ ২১ হাজার ২৭৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে মোট দুই লাখ ৮৪ হাজার ৯২১ হেক্টর জমিতে বোরো ও আউশ ধান, তিল, চিনাবাদাম, সয়াবিন, মরিচ, মুগ ডাল, ভুট্টা, তরমুজ, বাঙ্গি, মিষ্টি আলু ও শাকসবজি আবাদ করা হয়েছে। গত ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে বিভাগের ১৪ হাজার ৪৫৪ হেক্টরের ফসল ডুবে যায়। নদীতীরের কিছু জমি থেকে পানি সরে গেলেও ১৩ হাজার হেক্টরে জলাবদ্ধতা দেখা দেয়। এতে এসব জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।বরিশাল কৃষি অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, এই বৃহৎ ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা কৃষি কর্মকর্তারা কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া কৃষকদের বিনা মূল্যে আউশ ধানের বীজ ও সার দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. কফিলউদ্দিন বলেন, ‘অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, সে অনুযায়ী সব ক্ষেত্রে সহযোগিতা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এ অঞ্চলের প্রত্যেক কৃষককে একবিঘা জমিতে চাষের জন্য আউশ ধানের বীজ ও সার সরবরাহ করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।’