বরিশালে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ১৪৪ ধারা জারি করায় গতকাল শুক্রবার সমাবেশ করতে পারেনি জামায়াতে ইসলামী এবং সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। মিছিল করার অভিযোগে চার জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, নগরের মহিলা ক্লাব মাঠে গতকাল সকাল নয়টায় উপজেলা পর্যায়ের মজলিসে শুরার সদস্যদের নিয়ে সমাবেশ আহ্বান করে জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সমাবেশে উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেওয়া হয়।জামায়াতের ঘোষণার পরপরই জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি ও বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ জামায়াতের ওই সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়ে একই স্থানে সমাবেশের ডাক দেয়। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবদুর রহিম জানান, মিছিল বের করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করায় পুলিশ জামায়াতের চার কর্মীকে আটক করেছে। তাঁরা হলেন আবদুস ছালাম, সাইদুল ইসলাম, নেছারউদ্দিন ও রেজাউল করিম।