বরিশালে ১৫ শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত
বরিশালে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে ১৫ শিক্ষার্থী। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলার চানপুরা ইউনিয়নের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই রোগে আক্রান্ত হয়।
দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা শরীরচর্চা শেষে শ্রেণিকক্ষে যায়। এরপর মেয়েরা শ্বাসকষ্ট অনুভব করে। কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অভিভাবকদের খবর দিয়ে শিক্ষার্থীদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে অন্য শিক্ষার্থীরাও অসুস্থ ও অচেতন হয়ে পড়ে। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা জানিয়েছেন, এটা গণমনস্তাত্ত্বিক রোগ।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রণবীর দাস বলে, এটি গণমনস্তাত্ত্বিক (মাস হিস্টিরিয়া) রোগের লক্ষণ। এর কোনো নির্দিষ্ট কারণ নেই। হঠাৎ করেই এসব রোগের সৃষ্টি হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, এটা একধরনের মানসিক রোগ। একজন অচেতন হয়ে পড়েছে দেখে অন্যরাও অচেতন হয়ে পড়ে। সাধারণত ১২ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের এ সমস্যা বেশি হয়। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কয়েক ঘণ্টার মধ্যে এরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।