বরিশালে ২ নম্বর সতর্ক সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়ায় বরিশাল নদীবন্দরের জন্য ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ পথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
গতকাল শনিবার সকাল সাতটা থেকে ওই সতর্কতা জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়।
বরিশাল নৌবন্দর সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, বাহেরচর, দশমিনা, পটুয়াখালী, কালাইয়া, ভোলা, পাতারহাট, খাসেরহাট, মুলাদীসহ অভ্যন্তরীণ সব পথে (রুটে) লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আবুল বাশার মজুমদার প্রথম আলোকে বলেন, বরিশাল অঞ্চলে নিম্নচাপের প্রভাবে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। এ কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ৬৫ ফুটের নিচে সব লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়া কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বরিশাল অঞ্চলে ২ এবং সাগরে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে গতকাল দুপুর পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দু-এক দিন এ অবস্থা চলতে পারে।