বরিশালে ২০০ মণ জাটকা জব্দ, তিনজনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় পাচারের সময় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২০০ মণ জাটকা জব্দ করেছেন র্যা ব ও জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা। এ সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বরিশাল নগরের আমতলা মোড় এলাকায় গত রোববার দিবাগত রাত তিনটার দিকে এই অভিযান চালানো হয়।
জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, আটক তিন ব্যক্তিকে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে দণ্ড ও জরিমানা করা হয়েছে। বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসাইন খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড দেন।
তাঁদের মধ্যে পটুয়াখালীর খোকন গাজীকে ১৮ মাস, ট্রাকের চালক বরগুনার মো. মাসুমকে ১৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ট্রাকের সহকারী মো. রাকিবুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, অভিযানকালে ট্রাক থেকে ২০০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দ করা জাটকা নগরের বিভিন্ন এতিমখানা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে।