বরিশালে ২৫ মণ ইলিশ মাছ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে বিপণনের সময় বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, টুমচর ও লাহারহাট এবং বরিশাল নগরের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ২৫ মণ ইলিশ মাছ আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল ইলিশ মোকামে বিক্রি করতে আনা ওই সব মাছ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানায় দান করা হয়।বরিশাল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন আহম্মেদ জানান, গতকাল ভোর থেকে সকাল পর্যন্ত বরিশাল ইলিশ মোকামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা কয়েকটি ট্রলার থেকে বেশ কিছু ইলিশ মাছ আটক করা হয়। পরে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনকে জানালে তারা এসে মাছ বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেয়।অন্যদিকে কোস্টগার্ড, র‌্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে বরিশালের চন্দ্রমোহন, টুমচর ও লাহারহাট এলাকায় অভিযান চালিয়ে মা ইলিশ আটক করে।বরিশাল কোস্টগার্ড কন্টিনজেন্টের কমান্ডার মো. খোশরব আলী প্রথম আলোকে বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে ইলিশ মাছ না ধরে, সে জন্য জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও র‌্যাবের সঙ্গে যৌথভাবে বরিশাল অঞ্চলের নদীসমূহে অভিযান চালানো হচ্ছে। বরিশাল উপজেলা মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, মাত্র ১১ দিন ইলিশ মাছ ধরা, বিক্রয় বিপণন না করার জন্য আহ্বান জানানো হয়েছে। জেলেরা এই সময়টিতে ইলিশ মাছ যাতে না ধরে সে জন্য সতর্ক করা হয়েছে।