বরিশালে ২৭ সংগঠনের সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার দাবি
যুদ্ধাপরাধীদের বিচার এবং তা দ্রুত কার্যকর করার দাবি জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ২৮তম বার্ষিক সম্মেলন ও কর্মী সমাবেশ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।সাংস্কৃতিক কর্মীদের মিলনকেন্দ্র নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গতকাল সকাল সাড়ে ১০টায় তিন শতাধিক নাট্য ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। নিখিল সেন বলেন, ‘সংস্কৃতিই দেশের রাজনীতিকে সমৃদ্ধ করে। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সব গণতান্ত্রিক আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অগ্রগণ্য ছিল। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে এর রায় কার্যকরও দেখতে চাই।’বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল শাখার গাওয়া জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্বোধক এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল।এরপর সাংস্কৃতিক কর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়। সেখানে ‘প্রসঙ্গ: যুদ্ধাপরাধীদের বিচার’-বিষয়ক নির্ধারিত আলোচনা সভা হয়। নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা মানবেন্দ্র বটব্যাল এবং সাংস্কৃতিক সংগঠক এস এম ইকবাল।তাদের আলোচনায় উঠে আসে আমাদের দেশে সংঘটিত মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ঘটনা। তাঁরা বলেন, পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার-অবিচারে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে তাদের বিচার না হলে দেশের সংস্কৃতি বিকশিত হবে না। চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করতে হবে।আলোচনা সভার পর সাংস্কৃতিক কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুই আলোচক। দিনব্যাপী সাংস্কৃতিক কর্মীদের নিয়ে প্রাণবন্ত মিলনমেলা ও আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন।জাতীয়ভাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন হওয়ার বহু আগে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাংগঠনিকভাবে যাত্রা শুরু করে।