বরিশালে ৪০ শিক্ষার্থী অচেতন

সকাল সোয়া ১০ টা। একই সীমানা প্রাচীরের মধ্যে থাকা বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়নী মাধ্যমিক বিদ্যালয় এবং আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। এরপর স্কুল দুটি ছুটি ঘোষণা করা হলেও বাড়ি যাওয়ার পথে বা বাড়িতে গিয়ে আরও কয়েক শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, সোয়া ১০টায় বিদ্যালয় শুরু হয়। সাড়ে ১১টায় অষ্টম শ্রেণির খুকুমনি এবং মীম নামের দুই শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। তাদের প্রাথমিক সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ষষ্ঠ শ্রেণির আরও তিন শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়লে তাদেরও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। একপর্যায়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিকে জানিয়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। পরে শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার পথে এবং বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর অভিভাবক এবং শিক্ষকদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের প্রত্যেককে স্যালাইন দেওয়া হচ্ছে। তবে হাসপাতালের শয্যা না থাকায় ওয়ার্ডের বারান্দায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দাস রনবীর জানান, বেলা একটার দিকে অচেতন অবস্থায় শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসতে থাকে অভিভাবকেরা। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৪০ জনকে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় কিছু চিকিৎসা এবং পূর্ণ বিশ্রাম পেলে শিক্ষার্থীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।
হাসপাতালে অবস্থান করার সময় নয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. সুলতান আহম্মেদ প্রথম আলোকে জানান, ‘গণহারে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে প্রধান শিক্ষক এমন সংবাদ দেওয়ার পর বিদ্যালয় ছুটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কিছু সময়ের মধ্যে শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার পথে এবং বাড়িতে অসুস্থ হয়ে পড়তে থাকে। এক পর্যায় শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়েছে।’
নবম শ্রেণির অসুস্থ শিক্ষার্থী সোনিয়া আক্তারের মা মুন্নি বেগম প্রথম আলোকে বলেন, ‘সোনিয়া স্কুল থেকে বাড়ি এসেই অসুস্থ হয়ে পড়ে। দ্রুত ওকে নিয়ে হাসপাতালে চলে এসেছি। স্যালাইন চলছে, কিন্তু চেতনা ফেরেনি।’
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তারের ফুপু পরিবানু বলেন, ‘স্কুলেই অজ্ঞান হয়ে পড়ে আঁখি। শিক্ষকেরা সংবাদ দেওয়ার পর হাসপাতালে নিয়ে এসেছি। বিছানা না থাকায় বারান্দায় রাখা হয়েছে।’
অভিভাবক শেফালি বেগম বলেন, ‘হঠাৎ শ্বাস কষ্ট অনুভব করে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মরিয়ম আক্তার। এর পর অজ্ঞান হয়ে পড়ে। কেন হয়েছে জানি না।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রথমে নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। এরপর পাশের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। এই ঘটনায় স্কুল দুটি ছুটি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, এটা একধরনের মানসিক রোগ। একজন অচেতন হয়ে পড়েছে দেখে অন্যরাও অচেতন হয়ে পড়ে। সাধারণত ১২ থেকে ১৪ বছর বয়সের ছেলে-মেয়েরা বেশি আক্রান্ত হয়। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কয়েক ঘণ্টার মধ্যে এরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এর আগে ২০ আগস্ট বৃহস্পতিবার সদর উপজেলার চানপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী একই ভাবে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়। তাদেরও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।