বরিশালে ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিএনপি ও জামায়াতের ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত বছরের ডিসেম্বরে সরকারবিরোধী আন্দোলন চলাকালে দায়ের হওয়া মামলায় ওই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গত সোমবার পুলিশের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সাইদুল হক সরদার এবং মো. গোলাম কবির আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন মহানগর জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন হেলাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহীন, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন, জামায়াত নেতা জহিরউদ্দিন মো. বাবর।
আদালতসংশ্লিষ্টরা জানান, গত বছরের ডিসেম্বর মাসে বিরোধী দলের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে ৫ ডিসেম্বর সকাল আটটায় নগরের পোর্ট রোড ব্রিজ এলাকায় মিছিল বের করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানার এএসআই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪৮ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে কামরুজ্জামান বিশ্বাস, জনি ও খোকনকে অব্যাহতি দিয়ে বাকি ৪৫ জনের বিরুদ্ধে ওই অভিযোগপত্র দাখিল করা হয়।