বরিশালে ৪৫০ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত
বরিশালের তিনটি উপজেলার বিভিন্ন বরজের পানপাতা ঝরে যাচ্ছে। শুধু উজিরপুরেই ইতিমধ্যে প্রায় ১০০ হেক্টর জমির পান নষ্ট হয়ে গেছে। আর গৌরনদী ও আগৈলঝাড়ায় আরও সাড়ে ৩০০ হেক্টরের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ বলছে, কোনো রোগ নয়, অতিরিক্ত শীত ও কুয়াশার কারণেই পানগাছের পাতা লাল হয়ে ঝরে পড়ছে। সিডর ও প্রাকৃতিক দুর্যোগের পর ঋণ করে যাঁরা পানচাষ করেছেন, এ অবস্থায় তাঁরা বিপর্যয়ের মুখে পড়েছেন।১৪ জানুয়ারি উজিরপুরের বিভিন্ন এলাকার বরজে গিয়ে দেখা গেছে, পানপাতা লাল হয়ে ঝরে পড়ছে এবং অনেক গাছ মরে গেছে। কালীর বাজার, কমলাপুর, গুঠিয়া, দক্ষিণ শিকারপুর, মাদারসী, ইসলাদী, ধুলাসর, শোলক, হারতা, বামরাইল ও গুঠিয়ার শতাধিক বরজ নষ্ট হয়ে গেছে। স্থানীয় চাষিরা জানান, উপজেলায় প্রায় ১০০ হেক্টরের বরজ নষ্ট হয়ে গেছে।শোলক গ্রামের পানচাষি সূর্য দাস বলেন, ‘একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বরজ করেছিলাম। হঠাৎ বরজে মড়ক দেখা দেওয়ায় কীভাবে ঋণ শোধ করব, সে চিন্তায় এখন দিশেহারা।’ শোলক এলাকার পানচাষি হানিফ হাওলাদার বলেন, ‘আমার ৫০০ বরজের মধ্যে ৩০০ নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগকে জানালেও তাঁরা তেমন কোনো ব্যবস্থা নেননি।’ একই অভিযোগ গুঠিয়ার পানচাষি মিল্টন ও নিত্যনন্দী গ্রামের চাষি অলোক দাসের।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ লুৎফর রহমান জানান, জেলায় দুই হাজার ১২৫ হেক্টরে পানের চাষ হয়েছে। এর মধ্যে উজিরপুর, আগৈলঝাড়া, গৌরনদীতে তীব্র শীত ও কুয়াশার কারণে প্রায় সাড়ে ৪০০ হেক্টরের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কার্যালয় সূত্র জানায়, ইতিমধ্যে বরজের পান ঝরে পড়ার কারণ অনুসন্ধানে উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়ায় কয়েকটি দল গিয়ে নমুনা সংগ্রহ করেছে।কার্যালয়ের অতিরিক্ত পরিচালক শাহ আলম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে কৃষকদের অভিযোগ ঠিক নয়। সে সব এলাকায় কৃষি কর্মকর্তাদের পরিদর্শনে পাঠিয়েছি। আমাদের গবেষণা বিভাগও এ ব্যাপারে কাজ করছে।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশালের উপপরিচালক দেবাংশু কুমার সাহা বলেন, মূলত তীব্র শীত ও কুয়াশার কারণে এ অবস্থা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুল্লাহ বলেন, ‘আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিভিন্ন বরজ পরিদর্শন করেছি। তবে কোনো ধরনের রোগ দেখা যায়নি। মূলত ঠান্ডার কারণেই পান ঝরে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পানের বরজ রঙিন পলিথিন দিয়ে ঢেকে তা ঠান্ডামুক্ত রাখা প্রয়োজন।’