বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরের চর হোগলপাড়ার পাগলারপুল এলাকায় গত শনিবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে জগদীশ শীল ওরফে যজ্ঞেশ্বর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।র্যাবের ভাষ্যমতে, যজ্ঞেশ্বর চরমপন্থী সংগঠন সর্বহারার কামরুল গ্রুপের আঞ্চলিক নেতা। বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি রিভলবার, ১১টি গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।র্যাব-১২ বরিশাল ক্যাম্প সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে র্যাবের একটি টহল দল পাগলারপুল এলাকায় যায়। ওই সময় সেখানে কথা বলছিল একদল লোক। র্যাবের সদস্যরা সেদিকে গেলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র্যাব ওই স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে। এলাকাবাসী এসে লাশটি যজ্ঞেশ্বরের বলে শনাক্ত করে।পুলিশ সূত্র জানায়, বাবুগঞ্জের আগরপুরের বাসিন্দা জজ্ঞেশ্বর আশির দশক থেকে সর্বহারা গ্রুপের সঙ্গে জড়িত। হত্যা ছাড়াও তাঁর বিরুদ্ধে চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। তাঁর নেতৃত্বে বরিশালের বাবুগঞ্জ, গৌরনদী, বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় একাধিক হত্যাকাণ্ড ঘটেছে।বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, সর্বহারা নেতা যজ্ঞেশ্বরের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় হত্যা ও হত্যাচেষ্টার সাতটি মামলা রয়েছে।