বরিশালেই মিলবে ডায়াবেটিস রোগীদের চোখের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিস হলে অনেক সময় চোখের রেটিনার ওপর প্রভাব পড়ে। সময়মতো চিকিৎসা না নিলে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হাসপাতালের ডায়াবেটিস রেটিনোপ্যাথি লেজার চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম তুলে ধরতে এ সেমিনারের আয়োজন করা হয়। এ কেন্দ্রের মাধ্যমে এখন থেকে মিলবে বরিশালেই ডায়াবেটিস রোগীর চোখে রেটিনা সমস্যার সমাধান।
সেমিনারে বক্তারা বলেন, দেশে বর্তমানে ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বিষয়টি না বুঝে সময়মতো চক্ষু চিকিৎসকদের পরামর্শ না নেওয়ায় অনেকেই অন্ধত্বের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষকে এ থেকে রক্ষা করতেই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে ডায়াবেটিস রেটিনোপ্যাথি লেজার চিকিৎসা কেন্দ্র।
হাসপাতালের চতুর্থ তলায় সার্জারি সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সার্জারি বিভাগের প্রধান এ এম এস এম শরফুজ্জামান। ডায়াবেটিস রোগীদের চেখের রেটিনা সমস্যাবিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা, হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম, প্যাথলজি বিভাগের প্রধান নাছিরউদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মাকসুমুল হক, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক শিখা সাহা, সার্জারি বিভাগের অধ্যাপক জহুরুল হক মানিক প্রমুখ।
সেমিনারে জানানো হয়, বরিশাল বিভাগে এর আগে ডায়াবেটিস রেটিনোপ্যাথি লেজার চিকিৎসা গ্রহণের সুযোগ ছিল না। গত জানুয়ারি মাসে হাসপাতালে ওই কেন্দ্র চালু করা হয়। বিদেশি উন্নয়ন সংস্থা ফ্রেড হলোস ফাউন্ডেশন এতে সহায়তা করছে। অনেকটা বিনা মূল্যে এখানে সেবা পাওয়া যাবে। প্রথম পর্যায়ে তিন বছর প্রকল্পটি চলবে। পরবর্তীকালে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এই চিকিৎসার প্রতিটি মানুষকে আগ্রহী করতে উপজেলা, ইউনিয়ন এবং গ্রামপর্যায়ে জনসচেতনতা সৃষ্টির প্রতি জোর দেওয়া হয় সেমিনারে।