বরিশালেও পাসের হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার বেড়েছে। এ ছাড়া বরিশাল নগর ও জেলার তুলনায় অন্য সব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল করেছে। এ বছর ৬১ হাজার ৫৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ২২২ জন। পাসের হার ৭৮ দশমিক ৩০। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৫৫ জন।বিগত বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছর এ বোর্ড থেকে ৫৫ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪১ হাজার ৩০৯ জন পাস করে। পাসের হার ছিল ৭৪ দশমিক ৬৪। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭৫১ জন।বোর্ডের অধীনে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। এর মধ্যে ১৪টি বরিশাল জেলার বাইরে। সেরা ২০-এর মধ্যে ১৬টিই দখলে রেখেছে জেলার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বরিশাল ক্যাডেট কলেজ, বানারীপাড়ার উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জের উত্তর জাঙ্গালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও হিজলার বাহেরচর লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়—এই চারটি শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল জেলার মধ্যে।এ ছাড়া সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। দ্বিতীয় বরিশাল জিলা স্কুল। তৃতীয় স্থানে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় এবং ১৪তম স্থান অধিকার করেছে বরিশাল সদরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়।বাণিজ্য ও মানবিকে মেয়েরা এগিয়ে: বিজ্ঞান বিভাগে ছেলেরা এগিয়ে থাকলেও অন্য দুটি বিভাগে মেধা তালিকায় এগিয়ে রয়েছে মেয়েরা। মানবিক বিভাগে পাসের হার ৬৯ দশমিক ৯৬। এর মধ্যে মেয়ে ৭০ দশমিক ৪১ এবং ছেলে ৬৮ দশমিক ৪১। বাণিজ্য বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৭৯। এর মধ্যে মেয়ে ৮৫ দশমিক ৬৩ এবং ছেলে ৮২ দশমিক ৬২। অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৭৩। ছেলে ৯১ দশমিক ৯৫ এবং মেয়ে ৯১ দশমিক ৪০।মানবিক বিভাগে ১৮ হাজার ৮১৪ জন মেয়ের মধ্যে পাস করেছে ১৩ হাজার ২৪৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮০ জন। ১০ হাজার ৪৮২ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে সাত হাজার ১৭১ জন পাস করেছে।বাণিজ্য বিভাগে আট হাজার ৮৬৪ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে সাত হাজার ৫৯০ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯১ জন। ১৪ হাজার ৩১ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩৪০ জন।অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাঁচ হাজার ৬৬৮ জন ছেলের মধ্যে পাস করেছে পাঁচ হাজার ২১২ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৪০ জন। তিন হাজার ৭৩১ জন মেয়ের মধ্যে পাস করেছে তিন হাজার ৪১০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৭৬৮ জন।