বরিশালেও বিলবোর্ড দখল করে সরকারি দলের প্রচারণা
বরিশালে বিলবোর্ড দখল করে চলছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রচারণা। রাতের অন্ধকারে বিলবোর্ডগুলো ঢেকে দিয়ে সেখানে সরকারের পক্ষে প্রচারণার বিলবোর্ড লাগানোর অভিযোগ উঠেছে।
গত রোববার বরিশাল নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় অর্ধশত বড় বড় বিলবোর্ড দখল করে বর্তমান সরকারের উন্নয়নের বিবরণী তুলে ধরা হয়েছে। বিলবোর্ডগুলোতে সরকারের শিক্ষা, কৃষি, যোগাযোগ, শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিবরণ তুলে ধরা হয়েছে। এসব বিলবোর্ডে প্রচারকারী কর্তৃপক্ষের নাম না থাকলেও সেখানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর প্রতিকৃতি।
বরিশাল সিটি করপোরেশন এবং বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ভবনের জায়গা ভাড়া নিয়ে স্থাপন করা এসব বিলবোর্ডের মালিকদের অভিযোগ, গত বৃহস্পতিবার থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁদের বেশ কিছু বিলবোর্ড ঢেকে দিয়ে সরকারের ওই সব বিলবোর্ড লাগানো হয়েছে। কে বা কারা এগুলো ঢেকে দিয়েছে তা তাঁরা জানেন না।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিজ্ঞাপনী সংস্থা নেপচুনের দুটি বড় বিলবোর্ড ঢেকে দিয়ে সরকারের উন্নয়নের তথ্যসংবলিত বিলবোর্ড লাগানো হয়েছে। ঢাকা পড়েছে সদর রোডের বিবির পুকুরপাড়ে একটি ওষুধ কোম্পানির বিলবোর্ড। এ ছাড়া জেলখানা মোড়, হাসপাতাল রোড, নৌবন্দর, রূপাতলী বাসস্ট্যান্ড এলাকাসহ বেশ কিছু ভবনের ছাদে থাকা বিলবোর্ড দখল করে সরকারের ওই প্রচারণা চালানো হয়েছে।
মেসার্স বরিশাল অটো সার্ভিসের মালিক মাহমুদ গোলাম ছালেক বলেন, ‘কোনো ধরনের যোগাযোগ বা সৌজন্যতা ছাড়া সরকারি দল বিলবোর্ড দখল করে তাদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছে। রাতের অন্ধকারে আমার স্থাপনায় থাকা একটি প্রতিষ্ঠানের বিলবোর্ড ঢেকে দিয়েছে তারা।’
নেপচুন বরিশালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, ‘বরিশাল নগরে আমাদের বেশ কয়েকটি বিলবোর্ড বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া রয়েছে। শুনেছি সেগুলো দখল করে সরকারের প্রচারণার বিলবোর্ড টাঙানো হয়েছে। এ ব্যাপারে তারা আমাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেয়নি।’
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ তালুকদার মোহাম্মদ ইউনুস প্রথম আলোকে বলেন, ‘দলীয়ভাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরতেই বিলবোর্ডগুলো টাঙানো হয়েছে। কারও বিলবোর্ড দখল করে করা হয়নি। আমরা অনুমতি নিয়েই করেছি।’