বরিশালের অবস্থা আগের বছরের মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়ায় খুশি মা। বরিশাল নগরের সরকারি মহিলা কলেজ থেকে তোলা ছবি। ছবি: সাইয়ান
মেয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়ায় খুশি মা। বরিশাল নগরের সরকারি মহিলা কলেজ থেকে তোলা ছবি। ছবি: সাইয়ান

গত বছরের তুলনায় সারা দেশে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬ শতাংশের বেশি কমেছে। সেই তুলনা মাথায় রাখলে বরিশালের ফলাফলকে কিছুটা ভালোই বলতে হবে। আগেরবারের তুলনা আশানুরূপ উন্নতি হয়নি বটে। তবে পাসের হার বা জিপিএ-৫, কোনোটাই বেশি হারে কমেনি। গত বছরের চেয়ে শূন্য দশমিক ১৫ ভাগ পাসের হার বেড়েছে এবং ২৮টি জিপিএ-৫ বেশি পেয়েছে। 

আজ রোববার দুপুর একটায় প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাসের হার ৭০ দশমিক ২৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮১৫ জন। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ১৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭৮৭ জন।
এ বছর শিক্ষা বোর্ড থেকে ৬০ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ২১ হাজার ৩৯৬ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭০ দশমিক ২৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন। যার মধ্যে মেয়ে শিক্ষার্থী ছিল ২৯ হাজার ১৪৭ জন। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৪১ ভাগ। আর ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৩৬ ভাগ।
বরিশাল শিক্ষা বোর্ডের ২০১৬ সালে ৬১ হাজার ৫৩৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ১৫৭ জন। পাসের হার ৭০ দশমিক ১৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৭৮৭ জন।
এ বছর ৬০ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ২১ হাজার ৩৯৬ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭০ দশমিক ২৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম ফলাফল সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘দুই বছর ধরে ফল বিপর্যয় থেকে বের হওয়ার চেষ্টা চলছে। পরীক্ষার খাতা দেখার কৌশল পরিবর্তন হওয়ায় আগের মতো জিপিএ-৫ পাচ্ছে না। তবে শিক্ষার্থীদের মান আগের চেয়ে ভালোর দিকে। এ বছর পাসের হার এবং জিপিএ-৫ কিছুটা বেড়েছে। আমরা চাই শিক্ষার্থী ও অভিভাবকেরা কেবল কোচিংনির্ভর না হোক। সৃজনশীল বিষয়গুলোতে আরও দক্ষতা অর্জন করুক। তাহলে ফলাফল আরও ভালো হবে।’
এবারও মেয়েরা এগিয়ে
বরিশাল বোর্ডের ফলাফলে এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হারে ৬ দশমিক শূন্য ৫ ভাগ বেশি পেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হারে পিছিয়ে থাকা ছেলেরা কেবল বিজ্ঞান বিভাগে জিপিএ-৫-এ এগিয়ে আছে। তবে গড়ে জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা।
বরিশাল শিক্ষা বোর্ড থেকে এ বছর ২৯ হাজার ১৪৭ জন মেয়ে শিক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে ২১ হাজার ৩৯৬ জন। পাসের হার ৭৩ দশমিক ৪১ ভাগ। অন্যদিকে ৩১ হাজার ৩৩৯ জন ছেলে শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ১১১ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৬ ভাগ।
এদিকে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৪১৮ জন। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৩৯৭ জন। ছেলেদের চেয়ে মেয়েরা ২১টি জিপিএ-৫ বেশি পেয়েছে।
বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার হচ্ছে ৮৩ দশমিক ৪৬ ভাগ। ছেলেরা পাস করেছে ৮৮০ দশমিক ৫০ ভাগ। মানবিক বিভাগে মেয়েরা পাস করেছে ৬৭ দশমিক ৯৪ ভাগ এবং ছেলেদের পাসের হার ৫৮ দশমিক ৫৭ ভাগ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বাণিজ্য বিভাগে মেয়েদের পাসের হার ৮০ দশমিক শূন্য ৪ ভাগ এবং ছেলেদের পাসের হার হচ্ছে ৭১ দশমিক ২৯ ভাগ।

পাসের হারে পটুয়াখালী এগিয়ে, জিপিএ-৫-এ বরিশাল
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে রয়েছে পটুয়াখালী জেলা। পিছিয়ে আছে পিরোজপুর জেলা। তবে অর্ধেকের বেশি জিপিএ-৫ বেশি পেয়ে এগিয়ে আছে বরিশাল জেলা।
৭৫ দশমিক ৫৭ ভাগ পরীক্ষার্থী পাস করে এগিয়ে আছে পটুয়াখালী জেলা। ৬৩ দশমিক ১৮ ভাগ পাস করে পিছিয়ে আছে পিরোজপুর জেলা।
পাসের হারে শীর্ষে থাকা পটুয়াখালী জেলার ৬১টি কলেজের ১০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ১৩ জন। পাসের হার ৭৫ দশমিক ৫৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা। জেলার ৩২টি কলেজের ৪ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৬৮৮ জন। পাসের হার ৭৪ দশমিক ৩১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫০ জন।
জিপিএ-৫-এ শীর্ষ অবস্থানে থাকা বরিশাল জেলার ৯৮টি কলেজের ২১ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৩৭১ জন। ৭০ দশমিক শূন্য ১ ভাগ পাস করে পাসের হারে চতুর্থ অবস্থানে আছে বরিশাল জেলা। জিপিএ-৫ পেয়েছে ৪৪২ জন।
পাসের হারে পিছিয়ে থাকা পিরোজপুর জেলার ৪৭টি কলেজের ৮ হাজার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৬২ জন। পাসের হার ৬৩ দশমিক শূন্য ১৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।