বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটে বাস ধর্মঘট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার সানুহার থেকে সাতলা পর্যন্ত বাস সার্ভিস চালুর প্রতিবাদে বরিশাল বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১০টি রুটে ওই বাস ধর্মঘট শুরু হয়। দাবি আদায় না হলে আগামীকাল থেকে সারা দেশের সঙ্গে বরিশালের বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে মালিক সমিতি।বরিশাল বাস মালিক সমিতির সভাপতি শাহ আলম বলেন, তাঁদের না জানিয়ে ও বিআরটিএর কোনো অনুমতি না নিয়ে স্থানীয় সাংসদ একটি রুট চালু করেছেন। ওই রুট বন্ধ না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে। সাংসদ মনিরুল ইসলাম দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।