বরিশালের আদালত থেকে প্রথম আলো সম্পাদকের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বরিশালে করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। গতকাল বৃহস্পতিবার বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মুহাম্মদ আলী হোসাইন তাঁর জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে মতিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।
গত বছর বরিশাল মহানগর ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা বশিরউল্লাহ আতাহারী মামলাটি করেন। প্রথম আলো সম্পাদকের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোকলেসুর রহমান, মানবেন্দ্র বটব্যাল, এস এম ইকবাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিস উদ্দিন আহম্মেদ, এ কে আজাদ, হিরণ কুমার দাস, সুভাশীষ ঘোষ প্রমুখ।