বরিশালের চার উপজেলার সড়কে ছিনতাইকারী চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার সড়কগুলোতে হালকা যানবাহন ছিনতাই বেড়ে গেছে। গত এক মাসে ছিনতাইকারী চক্রের সদস্যরা ২২টি যানবাহন ছিনতাই করেছে। ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন তিনজন চালক। আহত হয়েছেন অর্ধশতাধিক। এতে চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ছিনতাইকারীদের হাতে যাঁরা খুন হয়েছেন, তাঁরা হলেন গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার বিশ্বন্তদী গ্রামের আরজু শেখ (১৯) এবং আগৈলঝাড়ার সুমন (১৮) ও তাঁর বন্ধু রহিম হাওলাদার (১৭)। গৌরনদী উপজেলার একতা ডিজিটাল ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক সমিতির সভাপতি সুব্রত দাস জানান, চার উপজেলার কালিহাতা, ঘণ্টেশ্বর, সাকোকাঠি, শাহাজিরা, চেঙ্গুটিয়া এলাকাসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে হালকা যানবাহন ছিনতাইকারী চক্র। এ চক্রের সদস্যরা চালকদের ওপর হামলা চালিয়ে ও তাঁদের কৌশলে অজ্ঞান করে যানবাহন ছিনতাই করে নিয়ে যাচ্ছে। বাবুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে আরজু শেখ শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন নিয়ে ভাড়ায় বাবুগঞ্জ এলাকায় আসেন। বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর পূর্ব পাড়ে পৌঁছালে ছিনতাইকারী চক্রের সদস্যরা আরজুকে হত্যা করে নছিমনটি নিয়ে যায়।পরদিন বরিশালের বিমানবন্দর থানা ও উজিরপুর থানার পুলিশ উজিরপুর উপজেলার ঘণ্টেশ্বরের কৌড়াবাড়ীর হলুদের একটি খেত থেকে নছিমনটি উদ্ধার করে। ওই দিনই বাবুগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়।উজিরপুর থানার ওসি সুকুমার রায় বলেন, প্রাথমিক তদন্তে উজিরপুরের ঘণ্টেশ্বরের শাহীন চকিদার, কালিহাতার কালা মিয়া ও তাঁর জামাতা টাক আবুলকে এ ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। এঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, গত ১৮ আগস্ট রাতে আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া বাজার থেকে কালকিনি যাওয়ার কথা বলে সুমন সরদারের মোটরসাইকেল ভাড়া করেন একই এলাকার হাচেন ও ইসমাইল হাওলাদার। এ সময় সুমন তাঁর বন্ধু রহিম হাওলাদারকে সঙ্গে নিয়ে যান। গভীর রাতে কালকিনির দর্শনা আশ্রমের কাছে পৌঁছালে সুমন ও রহিমকে কুপিয়ে হত্যা করে তাঁরা মোটরসাইকেলটি নিয়ে যায়। গাড়িটি উদ্ধার করা হয়েছে। হাচেন ও ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।গত ১৪ সেপ্টেম্বর আগৈলঝাড়ার বাকাল গ্রামের ইউসুফ আলীকে ভাড়ায় নেন গৌরনদীর সুন্দরদী গ্রামের আনিছ সিকদার। তাঁকে গৌরনদীর পশ্চিম বাউরগাতি নামক স্থানে নিয়ে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেন তিনি। এ ঘটনায় পরদিন ইউসুফ হোসেন মামলা করেন।গৌরনদী থানার এসআই অসিম কুমার সিকদার জানান, ৫ সেপ্টেম্বর গৌরনদীর কটকস্থল গ্রামের মো. রাসেল মিয়াকে ভাড়ায় নেন অজ্ঞাতনামা দুই যাত্রী। ওই দিন রাত সাড়ে আটটায় খাঞ্জাপুর তুলাতুলা বাজারের পূর্ব পাশে পৌঁছালে তাঁকে মারধর করে গাড়ি ছিনিয়ে নিয়ে যায় তারা। উজিরপুরের মাদারসী গ্রামের মাহাবুল কাজী জানান, গত ২৯ আগস্ট রাতে তাঁর মোটরসাইকেল যাত্রীবেশী ছিনতাইকারীরা নিয়ে যায়। এ ছাড়া গৌরনদীর টরকীর মকবুল হোসেন, মাহিলাড়ার মো. হুমায়ুন কবির, উজিরপুরের সাতলা গ্রামের পরিমল বাড়ৈ, আগৈলঝাড়ার বাকাল গ্রামের মিরাজ হোসেনের মোটরসাইকেলও ছিনতাইকারীরা নিয়ে গেছে।আগৈলঝাড়া ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক (প্রটোকল) সমিতির সভাপতি মো. সাগর বলেন, ‘আমাদের সমিতির অধিকাংশ সদস্য ঋণ নিয়ে কিস্তিতে মোটরসাইকেল কেনে। বর্তমানে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি।’গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা হালকা যানবাহন ছিনতাই বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তাঁরা উদ্বিগ্ন। এ ঘটনায় ছয়টি মামলা হয়েছে। ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।