বরিশালের ছয় জেলায় বাস ধর্মঘট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার চলাচল বন্ধ ও রূপাতলী বাস মালিক সমিতির সভাপতিসহ পাঁচ শ্রমিককে কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের ছয় জেলার অভ্যন্তরীণ ৩৮টি পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমন্বয় কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রূপাতলী বাসস্ট্যান্ডে সরেজমিনে দেখা যায়, বাস না পেয়ে হতাশ হয়ে অন্য পরিবহন খুঁজছেন যাত্রীরা। বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে—এমন অভিযোগ করলেন অনেকে। বিশেষ করে দূরবর্তী পথের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

এমন এক যাত্রীর সঙ্গে কথা হয় সকালে। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বাসিন্দা মো. নাসির। স্ত্রীকে নিয়ে বরিশালে এসেছিলেন চিকিৎসার উদ্দেশে। আজ সকালে বাড়ির উদ্দেশে রওনা দিতে রূপাতলী বাসস্ট্যান্ডে আসেন। তিনি বলেন, ‘কোনো বাস যাচ্ছে না। হাতে বাস ভাড়া ছাড়া কোনো টাকা নেই।’

পটুয়াখালীর বাউফল উপজেলা সদরে যাবেন রিনা রানী। বাস চলাচল বন্ধ, কীভাবে যাবেন—ভেবে পাচ্ছেন না।

ধর্মঘটের বিষয়ে বাসচালক মো. মহাসিন ও হুমায়ুন কবির বলেন, অবৈধ থ্রিহুইলার যানগুলো যাত্রী পেতে তাদের বাসের সামনে চলাচল করে। হর্ন দিলেও সাইড দেয় না। এদের কারণেই আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন বলেন, হাইকোর্ট এসব যান মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা দিলেও সেগুলো চলাচল করছে। এ নিয়ে একাধিকবার প্রশাসনকে বলা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। প্রশাসন কোনো কথা কানে নেয়নি। তাই বাধ্য হয়ে এই ধর্মঘট। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যাত্রী ভোগান্তি নিরসনে শ্রমিক সমন্বয় পরিষদের বিভাগীয় কমিশনার আজ সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউসে বাসমালিকদের সঙ্গে সভায় বসবেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন বলেন, সভায় ধর্মঘটি বাসমালিক সমিতি, শ্রমিকনেতা ও থ্রিহুইলার যানের নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।