বরিশালের জেল খাল পরিষ্কারে নামলেন কয়েক শ মানুষ

‘একটি ডাকে এতগুলো প্রাণ দিয়েছে সাড়া...’ গানের এই লাইনের প্রমাণ পাওয়া গেছে বরিশালের জেল খাল পরিচ্ছন্নতা অভিযানে। কে ডাক দিয়েছে, তার চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে কে কার আগে খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করতে পারে। যে যেমন পেরেছেন, খালের পাড়ে এসে পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন। গানে-কবিতায় পরিচ্ছন্নতার কাজ উৎসবে রূপ নেয়।
গতকাল শনিবার সকাল আটটার দিকে শুরু হয় বৃষ্টি। সাড়ে নয়টায় জেল খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু হওয়ার কথা। কিন্তু বৃষ্টি উপেক্ষা করে নগরবাসী আগেভাগে জড়ো হতে থাকেন নগরের মধ্য দিয়ে প্রবাহিত সাড়ে তিন কিলোমিটার জেল খালের দুই পাড়ে। ছাত্র-শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, উন্নয়ন সংগঠক, সাংস্কৃতিক সংগঠক, ব্যবসায়ী, রাজনীতিক, পেশাজীবী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নগরের সর্বস্তরের নাগরিক একযোগে ঝাঁপিয়ে পড়েন পরিচ্ছন্নতা অভিযানে।
বেলা সাড়ে ১০টায় জেল খালের নথুল্লাবাদ এলাকায় যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এবং সাংসদ জেবুন্নেছা আফরোজ পরিচ্ছন্নতার কাজের উদ্বোধন করছিলেন, ততক্ষণে খালের বড় একটা অংশের পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষ করে এনেছেন অংশগ্রহণকারীরা।
জনগণের জেল খাল: ‘আমাদের পরিচ্ছন্নতা অভিযান’ শিরোনামে পরিচ্ছন্নতার কাজে উৎসাহ দেওয়ার জন্য খালের বিভিন্ন পয়েন্টে মাইক বেঁধে চলে সংগীতানুষ্ঠান। খালের ছোবাহান মিয়ার পুল এলাকায় উদ্দীপনামূলক সংগীত পরিবেশন করে উদীচী। একটু দূরে নথুল্লাবাদের কাছাকাছি অংশে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। একইভাবে নাজিরের পুল, চকের পুল, কাঠের পুল, পোর্ট রোড এলাকায় সংগীত পরিবেশন করে গণশিল্পী, খেলাঘর, সুরলহরী, প্রান্তিক, তানসেন, অনির্বাণ, আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়।
‘বান এসেছে মরা গাঙে...’, ‘নোঙ্গর তোল তোল...’—এমন উদ্দীপনামূলক গানের তালে তালে চলে পরিচ্ছন্নতার কাজ।
দুপুর ১২টার মধ্যে নথুল্লাবাদ থেকে কীর্তনখোলা নদীর মোহনা পর্যন্ত খালের মধ্যে থাকা ময়লা-আবর্জনা দুই পাড়ে তুলে আনেন পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়া নাগরিকেরা। সেখান থেকে ময়লা সরিয়ে নেওয়ার কাজ করে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ।

কে দিয়েছে ডাক?: গত মে মাসে জেলা প্রশাসনের চালু করা ফেসবুক বরিশাল সমস্যা ও সম্ভাবনা পেজে জনগণের জেল খাল দখলমুক্ত করার আহ্বান জানান জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। এর সঙ্গে যুক্ত হয় বরিশাল সিটি করপোরেশন। একটানা চার মাস খালের দুই পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর নগরবাসীকে আহ্বান জানানো হয় জেল খাল পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ার জন্য। গতকাল ছিল সেই দিন।
পরিচ্ছন্নতার কাজ উদ্বোধন করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাচ্যের ভেনিস বরিশাল নগর ছিল খালের জন্য বিখ্যাত। সেই ভেনিস শহরের লাইফলাইন জেল খাল। জেল খালে পানিপ্রবাহ ফিরিয়ে এনে বরিশালকে প্রাচ্যের ভেনিস হিসেবে গড়ে তুলতে হবে। বরিশালের নাগরিকেরা স্বেচ্ছায় যে কাজ করে দেখাল, তা উদাহরণ হয়ে থাকবে।’
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘নগরের খাল জনগণের। আমরা সেই খাল জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি মাত্র। এই উদ্যোগে সাড়া দিয়েছে নগরের সর্বস্তরের মানুষ।’