বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত তিন মাসে প্রায় ৫০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই তিন উপজেলায় যুবদলের দুটি করে কমিটি রয়েছে। এসব স্থানে যুবদলের নেতা-কর্মীরা এখন দুই ভাগে বিভক্ত। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, উজিরপুর উপজেলা যুবদলের ২০০৬ সালে গঠিত কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ আলম চুন্নু কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ কমিটি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শরফউদ্দিন আহম্মেদ সান্টু-সমর্থিত। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সমর্থক বিপ্লব মোল্লাকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে গত জুলাই মাসে একটি পাল্টা কমিটি ঘোষণা করা হয়। উপজেলা যুবদলের নেতা মো. মনিরুজ্জামান বলেন, পাল্টাপাল্টি কমিটি থাকায় বেশ কয়েকবার দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত নেতা-কর্মী আহত হন। শাহ আলম চুন্নু গত ৬ সেপ্টেম্বর ভবানীপুর কলেজে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। একই স্থানে একই সময় প্রতিপক্ষও ইফতারের আয়োজন করে। এ সময় প্রতিপক্ষের হামলায় শাহ আলম চুন্নু গুরুতর জখম হন। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর তিনি মারা যান। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, উপজেলায় যুবদলের দলীয় কোন্দলে সংঘর্ষের ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়েছে।আগৈলঝাড়া উপজেলা যুবদলের দুই পক্ষের মধ্যে গত তিন মাসে অন্তত ১৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানায়। গত মাসে বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি মো. কবির আফসারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরিফ হোসেন ফিরোজকে আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। গত ২৪ সেপ্টেম্বর উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজের সভাপতিত্বে এক জরুরি সভায় উপজেলার পাঁচটি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২৫ সেপ্টেম্বর উপজেলা যুবদলের অপর অংশের সভাপতি আলী হোসেন ভূঁইয়া স্বপনের সভাপতিত্বে এক সভা হয়। ২৪ ও ২৫ সেপ্টেম্বরের সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। আলী হোসেন ভূঁইয়া স্বপন বলেন, আরিফ হোসেন ফিরোজের আহ্বায়ক কমিটি অবৈধ। ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা অসাংগঠনিক এবং অবৈধ। গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটির প্রথম বর্ধিত সভা গত ২৯ জুলাই পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত হয়। এসব সভায় আগের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের ঘোষণা করা হয় । দলীয় সূত্র জানায়, মাসুদ হাসান মিঠুকে গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক ও জাকির হোসেন শরীফকে পৌর যুবদলের আহ্বায়ক করে দুটি কমিটি গঠন করা হয়। ২০ জুলাই বরিশাল সদর উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু এই কমিটির অনুমোদন দেন। এরপর বরিশাল সদর উত্তর জেলা যুবদলের সভাপতি কবিরউদ্দিন আফসারী লিখিতভাবে কমিটি দুটি স্থগিত করেন। গত ২৩ জুলাই কবিরউদ্দিন আফসারী সফিকুর রহমান শরীফ স্বপনকে গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক ও মো. নান্না খানকে পৌর যুবদলের আহ্বায়ক করে দুটি কমিটি ঘোষণা করেন। এ নিয়ে গৌরনদী উপজেলা ও পৌর যুবদল দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। গৌরনদী উপজেলা যুবদলের নেতা জাকির হোসেন জানান, দলীয় অভ্যন্তরীণ বিরোধে গত তিন মাসে প্রায় ১৫ বার সংঘর্ষের ঘটনা ঘটেছে।বরিশাল সদর উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, জেলা যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী ওই তিন উপজেলায় তিনটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু সভাপতি কবিরউদ্দিন আফসারী এক উপজেলায় একাধিক কমিটির অনুমোদন দেওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে কবিরউদ্দিন আফসারী বলেন, তিনি এক উপজেলায় একাধিক কমিটির অনুমোদন দেননি।