বরিশালের তিন উপজেলায় সহিংসতা, আহত ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী, অগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে পরাজিত প্রার্থীরা প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বিজয়ী ও পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গৌরনদী উপজেলার সরিকল ইউপির আধুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে হামলা চালান ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য পদপ্রার্থী মো. হারুন অর রশিদ ও তাঁর সমর্থকেরা। এ বিষয়ে ৩৭ ভোটের ব্যবধানে নবনির্বাচিত সদস্য আনিচুর রহমান মোল্লা গতকাল প্রথম আলোকে বলেন, ফলাফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী হারুন তাঁর ৩০-৩৫ জন সমর্থককে নিয়ে কেন্দ্রে হামলা করেন। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে নির্বাহী হাকিমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যা ব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেই হামলায় আনিচুরসহ অন্তত ১০ জন আহত হন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন পরাজিত প্রার্থী হারুন।
গৌরনদী উপজেলার বার্থী ইউপির ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন খোকন খান ও সোবাহান হাওলাদার। পরাজিত প্রার্থী সোবাহান ভোট কারচুপির অভিযোগ এনে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ শতাধিক কর্মী-সমর্থক নিয়ে বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় অবস্থান নেন। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ নেতারা ঘটাস্থলে পৌঁছে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করেন। এতে ব্যার্থ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পুলিশ, র্যা ব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল হাওলাদার, পরাজিত প্রার্থী সোবাহানসহ কমপক্ষে ২০ জন আহত হন।
এদিকে চাঁদশী ইউপির নরসিংহলপট্টি গ্রামের পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী লালু সরদার অভিযোগ করেন, নির্বাচিত মো. রাসেল সমর্থকদের নিয়ে তাঁর সমর্থক কবির সিকদার ও শাহীন আকনকে কুপিয়ে জখম করেছেন।
গৌরনদী উপজেলার নলচিড়া ইউপির ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ পিঙ্গলাকাঠি (হাজিপাড়া) গ্রামের পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী জাকির হোসেন হাওলাদার অভিযোগ করেন, গতকাল সকাল আটটার দিকে বিজয়ী প্রার্থী বিএনপির নেতা আলীম হাওলাদারের নেতৃত্বে তাঁর (জাকির) বসতঘরসহ চাচা জলিল হাওলাদারের ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়।
আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউপিতে পাকুরিতা গ্রামের নিবাসী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী লাবণ্য তালুকদারের সমর্থক দুলাল সেন অভিযোগ করেন, ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী বিপুল দাসের একদল সমর্থক লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা করেন। এ সময় রতিকান্ত সেন, তাঁর স্ত্রী সুনেত্রা জয়ধরসহ পাঁচজনকে পিটিয়ে জখম করা হয়।
একই ইউপির বিজয়ী সদস্য নির্মল বিশ্বাসের সমর্থকেরা হামলা চালিয়ে পরাজিত প্রার্থী অমল জয়ধরের সমর্থক ভগিরথ বিশ্বাসের বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা ভগিরথের পরিবারের সদস্য রিংকু বিশ্বাস, ইতি বিশ্বাস, সবিতা বিশ্বাস, বিধান ও মুক্তি বিশ্বাসকে মারধর করে গুরুতর আহত করেন। এ ছাড়া রাজিহারের গোয়াইল গ্রামে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বরাকোঠা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. জামাল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নান্নু ব্যাপারীর সমর্থকদের ওপর হামলা করে। এ সময় নান্নুর সমর্থক মালিকান্দা গ্রামের সোহাগ হাওলাদারকে কুপিয়ে জখম করা হয়। নান্নু ব্যাপারীর অভিযোগ, সোহাগকে কুপিয়ে জখম করার প্রতিবাদে গ্রামবাসী জড়ো হলে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তাঁর সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় ১০ জন আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে জামাল হোসেন বলেন, ‘হামলায় আমি বা আমার কোনো সমর্থক জড়িত নন।’
উজিরপুরের ওটরা ইউপির মশাং গ্রামে সদস্য পদে প্রার্থী হন শ্যামল চন্দ্র বালী ও হালিম খান। দুজনের কেউই নির্বাচিত হননি। ফলাফল ঘোষণার পর পরাজিত হওয়ার জন্য একজন আরেকজনকে দোষ দেন। এর জেরে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সংশ্লিষ্ট থানার ওসিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, এসব ঘটনায় মামলা করতে কেউই আসেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।