বরিশালের দুই এলাকায় পানি সরবরাহ বন্ধ
বরিশাল নগরের আমানতগঞ্জ ও আমতলা এলাকায় কয়েক দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
আমানতগঞ্জের ভাটিখানায় পানির পাম্প পুড়ে যাওয়ায় এবং আলেকান্দার আমতলায় পাম্পটিতে ত্রুটি দেখা দেওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে বলে সিটি করপোরেশনের পানি বিভাগ জানিয়েছে।
ভাটিখানা জোর মসজিদ এলাকার বাসিন্দা আল-আমিন অভিযোগ করেন, চার-পাঁচ দিন ধরে তাঁর বাসায় পানি নেই। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গোসল পর্যন্ত করতে পারছেন না তাঁরা। বাধ্য হয়ে পার্শ্ববর্তী পুকুর ব্যবহার করছেন।
যোগাযোগ করলে সিটি করপোরেশনের পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম বলেন, উত্তর আমানতগঞ্জ এলাকার সাবমার্সিবল পাম্পটি গত সপ্তাহে পুড়ে গেছে। ওই পাম্প মেরামত করার জন্য টেকনিশিয়ান নেই। পাম্পটি খুলে মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিকল্প পাম্প দিয়ে পানি সরবরাহ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।