বরিশালের পোর্ট রোড সংস্কারে উদ্যোগ নেই
বরিশাল নগরের গুরুত্বপূর্ণ পোর্ট রোড গত দেড় বছর ধরে বেহাল। বড় বড় গর্ত হয়ে কংক্রিটের সড়কটির রড বেরিয়ে গেছে। এ রাস্তায় বর্তমানে ঝুঁকি নিয়ে চলাচল করছে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন।বরিশাল ইলিশ মোকাম ও মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২০০৯ সালের এপ্রিলে যেনতেনভাবে সংস্কারকাজ করার, ছয় মাস পরই সড়কের ঢালাই উঠে রড বের হয়ে যায়। বিভিন্ন সময়ে সড়কটি সংস্কারের অনুরোধ জানালেও এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে না। খানাখন্দে ভরা সড়কটির অধিকাংশ স্থানের রড চুরি হয়ে গেছে। বর্তমানে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।বরিশাল আড়তদার অ্যাসোসিয়েশন সূত্র জানায়, প্রতিদিন এই মৎস্য অবতরণকেন্দ্রে শুধু মাছবোঝাই ৫০-৬০টি ট্রাক আসা-যাওয়া করে। এর বাইরে আশপাশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের মিলে প্রতিদিন এ রাস্তায় গড়ে ১০০ থেকে ১৫০ ট্রাক চলাচল করে। মাছ ব্যবসায় পানি অপরিহার্য। তাই বিটুমিনের পরিবর্তে আরসিসি (রড, সিমেন্ট ও কংক্রিট) ঢালাই দিয়ে এ রাস্তাটি করা হয়েছে। কিন্তু সংস্কারের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ছয় মাসের মধ্যে সড়কের অবস্থা খারাপ হতে থাকে। গত এক বছর ধরে সড়কটি যান চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন হাওলাদার বলেন, ‘এটা এখন আর সড়ক নেই। কাদা-পানির ডোবায় পরিণত হয়েছে। পানিতে সড়কের ক্ষতি হবে ভেবেই রড, কংক্রিট ও সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। কিন্তু সংস্কারের ছয় মাসের মধ্যে সড়কটির কংক্রিট উঠে গর্ত হতে থাকে।’ সংগঠনের সভাপতি অজিত কুমার দাস বলেন, সড়ক সংস্কারের জন্য বহুবার বিআইডব্লিউটিএর কাছে অনুরোধ জানানো হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বিআইডব্লিউটিএর আওতাধীন বরিশাল পোর্ট রোড এক হাজার ৩০০ মিটার দীর্ঘ। সড়কটি সর্বশেষ ২০০৯ সালের এপ্রিলে সংস্কার করা হয়। ব্যস্ত সড়ক হওয়ায় এটি পুরোপুরি বন্ধ রেখে কাজ করা সম্ভব হয়নি। এ ছাড়া সংস্কারের সঙ্গে সঙ্গে ব্যবহারের জন্য রাস্তাটি খুলে দিতে হয়েছে। তা ছাড়া বরফের পানি পড়ায় সড়ক নির্মাণের সময় সমস্যায় পড়তে হয়েছে। এসব কারণে নির্মাণের কিছুদিনের মধ্যে সড়কের বিভিন্ন স্থানের ঢালাই উঠতে শুরু করে।বিআইডব্লিউটিএ বরিশালের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ বলেন, ‘ওই সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল কি না, তা বলতে পারব না। তবে সড়কে বড় বড় গর্ত দেখা দিয়েছে এবং রড চুরি হচ্ছে বলে শুনেছি। সড়কটি সংস্কারে আপাতত কোনো পরিকল্পনা নেই।’