বরিশালের বর্ধিত ভূমি কর অবিলম্বে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন এলাকায় বর্ধিত ভূমি কর (খাজনা) কমানোর দাবিতে মানববন্ধন করেছেন নগরবাসী। বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটির ব্যানারে গতকাল রোববার নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, জুনেও বরিশাল নগরের ১ শতাংশ জমির খাজনা ছিল মাত্র সাত টাকা। কিন্তু জুলাই থেকে এই খাজনা ধার্য করা হয়েছে ৫০ টাকা। জনগণের মতামতের তোয়াক্কা না করে সরকার জমির খাজনা সাত গুণ বাড়িয়ে দিয়েছে। তাঁরা বলেন, নগরে কোনো সুবিধা বাড়েনি। কিন্তু খাজনা বাড়ানো হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে বর্ধিত খাজনা প্রত্যাহার করতে হবে।

বক্তারা বলেন, ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে বরিশাল সিটি করপোরেশনের তুলনা করলে চলবে না। ঢাকার সঙ্গে তাল মিলিয়ে জমির খাজনা নির্ধারণ করা কোনোভাবেই যুক্তিযুক্ত হয়নি। বর্ধিত খাজনা প্রত্যাহার না করলে ব্যাপক আন্দোলনের ডাক দেওয়া হবে।

বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটির উপদেষ্টা স্কান্দার আলী সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক আবদুর রশীদ, সদস্যসচিব মো. ফারুক সিকদার, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরিদউদ্দিন প্রমুখ।