বরিশালের বাবুগঞ্জে কেন্দ্র দখল, সংঘর্ষ
সকাল থেকে বরিশালের বাবুগঞ্জে ভোট গ্রহণ শান্তিপূর্ণ থাকলেও ১০টার পর থেকে পরিস্থিতি পাল্টে গেছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ কেন্দ্র দখল, প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আরজি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সর্দার মো. খালেদ হোসেনের সমর্থকেরা পোলিং বুথে ঢুকে ব্যালট পেপারে সিল মারতে থাকেন। এ সময় একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওয়াহাবের সমর্থকেরা তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়।
প্রায় একই সময়ে বায়লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীরা জোর করে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর হামলা করেন তাঁরা।
খানপুরা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে একটি পোলিং বুথে ঢুকে জোর করে ব্যালট পেপারে সিল মারতে থাকেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা। এ সময় অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দেন তাঁরা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই কেন্দ্রে আসেন। এ সময় সেনা ও পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে ওই। এরপর ভোট নেওয়া আবার শুরু হলেও সেখানে ভোটার উপস্থিতি কমে গেছে। কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার নুরুল হক জানিয়েছেন তাঁদের বুথ থেকে ৬৬টি ব্যালটে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়েছেন সন্ত্রাসীরা।
এর আগে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে জাহানপুর কেন্দ্রে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ থাকে। অন্যদিকে ঠাকুর মল্লিক কেন্দ্রে বিএনপির সমর্থকেরা দুটি ককটেল নিক্ষেপ ও কয়েকটি গুলি ছোড়েন। তবে সেখানে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ও দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে।