বরিশালের বিভিন্ন আদালতে ৩১ হাজার মামলা বিচারাধীন
বরিশালের বিিভন্ন আদালতে প্রায় ৩১ হাজার মামলার জট রয়েছে উল্লেখ করে বিচারপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী এসব দ্রুত নিষ্পত্তি করার জন্য বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে গত সোমবার সন্ধ্যায় বিচারক ও আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওই আহ্বান জানান কামরুল ইসলাম সিদ্দিকী।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরিশালের ভারপ্রাপ্ত জেলা জজ মো. মতিয়ার রহমানসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সভায় কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বরিশালের আদালতে দীর্ঘদিনের পুরোনো মামলা পেন্ডিং রয়েছে। ১৯৮০ সালের মামলা যদি এখনো নিষ্পত্তি না হয়, তাহলে বিচারপ্রার্থীরা বিচার বিভাগ থেকে আস্থা হারাবে। সবমিলে বরিশালের বিভিন্ন আদালতে ৩১ হাজার মামলা বিচারাধীন।
বিচারাধীন মামলা নিষ্পত্তিতে বিচারক ও আইনজীবীদের অবহেলা না করে দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ নিতে হবে। বিচারক ও আইনজীবীদের বিচারকাজে মনোযোগী হতে হবে।
সভায় আইনজীবীরা বরিশাল আদালতের বিচারক-সংকট, ভবন নির্মাণসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে জানান কামরুল ইসলাম সিদ্দিকী।
মুক্ত আলোচনায় অংশ নেন জেলা সমিতির জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রশীদ খান, শেখ আবদুল কাদের, শাসমুদ্দিন আহম্মেদ, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি গিয়াসউদ্দিন কাবুল, কে বি এস আহম্মেদ কবিরপ্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মহসিন মন্টু বলেন, বিচারপতি আদালতের মামলাজট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।