বরিশালের মেয়রসহ তিনজনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল ও দুই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গত মঙ্গলবার নগরের মুসলিম গোরস্থান রোড এলাকার বাসিন্দা ও ঠিকাদার রফিউল ইসলাম বাদী হয়ে বরিশাল বিশেষ জজ আদালতে দুর্নীতি দমন আইনে এ মামলা করেন। মেয়র ছাড়া মামলার অপর আসামিরা হলেন করপোরেশনের প্রধান প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা নিলিখ চন্দ্র দাস।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ মার্চ সিটি করপোরেশন নগরের সড়ক, নর্দমা ও বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন খাতের উন্নয়নকাজ-বাবদ ৫৩ লাখ ২০ হাজার টাকার দরপত্র আহ্বান করে। দরপত্রের নিয়ম অনুযায়ী, দরপত্র ফরম ও এ-সংক্রান্ত যাবতীয় তথ্য করপোরেশনের ওয়েবসাইটে দেওয়ার কথা। দুটি বহুল প্রচারিত কথা। দরপত্র বিক্রির শেষ দিন ছিল গত ১৯ এপ্রিল। আর দরপত্র খোলার তারিখ ছিল ২০ এপ্রিল। কিন্তু আইন ও বিধি অনুযায়ী দরপত্রটি উন্মুক্ত পদ্ধতিতে করা হয়নি। মেয়র আহসান হাবিব ও দুই কর্মকর্তা দরপত্রে আহ্বান করা ৫৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক করপোরেশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গোপন দরপত্রের মাধ্যমে ওই কাজগুলো করানো হয়েছে। এর আগে বিজ্ঞপ্তি বহুল প্রচারিত দৈনিকে প্রকাশ না করে অখ্যাত পত্রিকায় দেওয়া হয়। ওয়েবসাইটেও কোনো তথ্য দেওয়া হয়নি।
সিটি করপোরেশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব) নিখিল চন্দ্র দাস প্রথম আলোকে জানান, তিনি করপোরেশনে থাকাকালীন একটি নোটিশে স্বাক্ষর হয়েছে। নিয়মানুযায়ী, দরপত্র কমিটি কার্যাদেশ দেওয়ার আগে যাচাই-বাছাই শেষে তা দেওয়ার কথা। বিষয়টি কমিটিতে পাঠানোর পর তিনি চলে আসেন। এরপর কী হয়েছে সেটা তাঁর জানা নেই।
এ ব্যাপারে মেয়র আহসান হাবিব বলেন, ‘দরপত্রের বিষয়টি আমার দেখার কথা নয়। দরপত্র কমিটি দরপত্র আহ্বান এবং কার্যাদেশ দেয়। আমার কাছে শুধু অনুমতি নেওয়া হয়। তবে কমিটির কাছে খোঁজ নিয়ে জেনেছি, উল্লিখিত তারিখে ৫৩ লাখ টাকার কোনো কাজ হয়নি, কার্যাদেশ দেওয়া হয়নি এবং কোনো বিলও উত্তোলন হয়নি। হয়রানি করার জন্যই ওই মামলা করা হয়েছে।’