বরিশালের রাস্তাঘাট সংস্কার ও সৌন্দর্য রক্ষার দাবি
বরিশাল নগরের রাস্তাঘাট সংস্কার, সৌন্দর্য রক্ষা, নাগরিক সেবা বৃদ্ধি ও করপোরেশনের দুর্নীতি কমানোর দাবি জানিয়েছে বরিশালের ২৬ সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
গতকাল রোববার বিকেলে অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন করে এসব দাবি জানান সংস্কৃতিকর্মীরা। একই সঙ্গে তাঁরা অশ্বিনীকুমার হলের ভাড়া বৃদ্ধি ও হলটিতে রাজনৈতিক দলের কার্যালয় বরাদ্দ দেওয়ারও প্রতিবাদ জানান।
মানববন্ধনে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।
কর্মসূচিতে দেওয়া বক্তব্যে সংস্কৃতিকর্মীরা অভিযোগ করেন, মেয়র আহসান হাবিব কামাল যেসব প্রতিশ্রুতি দিয়ে নগরের দায়িত্ব নিয়েছিলেন, তার একটিও তিনি বাস্তবায়ন করেননি। উল্টো কয়েক বছর আগের সুন্দর নগরকে ভাগাড়ে পরিণত করেছেন। নগরের একটি সড়কও এখন আর চলাচলের উপযোগী নেই। সড়কগুলো সংস্কার না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নাগরিকেরা। দ্রুত এসব সড়ক সংস্কার এবং নাগরিক সেবা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া না হলে মেয়রের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি উচ্চারণও করেন তাঁরা।
বক্তারা বলেন, বরিশালের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচি পালনের অন্যতম পীঠস্থান হচ্ছে অশ্বিনীকুমার হল। সিটি করপোরেশন কোনো ধরনের নাগরিক মতামত ছাড়াই হলের ভাড়া চার গুণ বাড়িয়েছে। এর ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে সমস্যায় পড়ছে সংগঠনগুলো। তাঁরা বলেন, অশ্বিনীকুমার হলে একটি রাজনৈতিক দলের কার্যালয় বরাদ্দ দেওয়া হয়েছে। এটা হলে হলের পরিবেশ ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে এই কার্যালয়ের বরাদ্দ বাতিল করতে হবে।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে বরিশাল নগর সৌন্দর্য রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আক্কাস হোসেন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশ গুপ্ত আশীষ কুমার, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি এ কে আজাদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি নজরুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জাসদ জেলা সাধারণ সম্পাদক আবদুল হাই মাহবুব, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাট্যজন সৈয়দ দুলাল প্রমুখ বক্তব্য দেন।