কীর্তনখোলা নদীর বরিশাল অংশের ফেরিঘাটের পন্টুনডুবির ঘটনায় ভোলা, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের সঙ্গে বরিশালের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গত সোমবার রাতে পন্টুনটি ডুবে যায়।ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পারে ঈদ উপলক্ষে ঘরমুখী অসংখ্য মানুষকে নিয়ে শতাধিক গাড়ি ও পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।সড়ক ও জনপথ বিভাগ (ফেরি) বরিশাল সূত্রে জানা গেছে, সোমবার রাত দুইটার দিকে কীর্তনখোলা নদীতে চলাচলকারী একটি ফেরি বরিশাল অংশের ঘাট ছেড়ে চরকাউয়ার উদ্দেশে যায়। এর ৩০ মিনিটের মধ্যে পন্টুনটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত চাপের কারণে পন্টুনের নিচের দিকে একাধিক ছিদ্রের সৃষ্টি হয়েছে। এর ফলে পন্টুনের ভেতর পানি ঢুকে এটি ডুবে যায়। ফেরি প্রকৌশল বিভাগ জানায়, পন্টুনটির সর্বোচ্চ ধারণক্ষমতা ১৫ টন। কিন্তু এই পন্টুন দিয়ে নিয়মিত ৩৫-৪০ টনের ট্রাক পারাপার হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অকেজো ও মেরামতের অযোগ্য ফেরি ও পন্টুন দিয়ে কোনোমতে ফেরি বিভাগ চালিয়ে রাখা হচ্ছে। দক্ষিণাঞ্চলের এসব ফেরি ও পন্টুন মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হলেও পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না। জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী শাহ মো. শামস মোকাদ্দেস প্রথম আলোকে বলেন, ফেরিঘাটের ইজারার মেয়াদ শেষ হলেও ইজারাদার প্রতিষ্ঠানটি ফেরি বিভাগের কাছে দায়িত্ব হস্তান্তর করেনি। তারা আদালতের একটি আদেশ বলে বহাল তবিয়তে আছে। তাই এখন পর্যন্ত ফেরি দেখাশোনার দায়িত্ব ইজারাদারদের।এ ব্যাপারে ইজারাদার প্রতিষ্ঠান নির্মাণ ইন্টারন্যাশনালের কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, পন্টুন সংস্কারে ফেরি বিভাগকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করেনি। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।সড়ক ও জনপথ বিভাগের (ফেরি) উপবিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, পন্টুনটি উদ্ধারে সওজ বিভাগ ভোররাত থেকেই কাজ শুরু করে। কিন্তু জোয়ার থাকায় উদ্ধারকাজ শুরু করতে কিছুটা দেরি হয়। তিনি বলেন, ৩২ বছরের পুরোনো এ পন্টুন উদ্ধারে হামজা ব্যবহার করা যাচ্ছে না। তাই পাম্প বসিয়ে ভেতরের পানি অপসারণ করে উদ্ধারের চেষ্টা চলছে। এ পদ্ধতিতে উদ্ধার করতে না পারলে পন্টুনটি পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে।