বরিশালের ১১ পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ১১ পথে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। অবৈধভাবে নছিমন, করিমন ও আলফা টেম্পো চলাচল বন্ধের দাবিতে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেছে। এতে সকাল থেকে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।বরিশাল বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, বরিশাল, ভুরঘাটা, উজিরপুর, আগৈলঝাড়া, বানারীপাড়া, হিজলাসহ অভ্যন্তরীণ ১১টি পথে অবৈধভাবে করিমন, নছিমন, মহিন্দ্রা, ভটভটি চলাচল করায় বাস মালিক ও পরিবহন শ্রমিকেরা ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি একাধিকবার জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ওই ধর্মঘটের আহ্বান করে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এসব যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসন তাঁদের দাবি মেনে না নেওয়ায় তাঁরা বাস ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের (বরিশাল) সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’ জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান প্রথম আলোকে বলেন, ‘বরিশালে বাস ধর্মঘটের বিষয়ে আমাদের জানানো হয়নি। এর পরও বিষয়টি দেখব।’