বরিশালের ৩০ বেইলি সেতু এখন মরণফাঁদ!

বরিশালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ৩০টি বেইলি সেতু মরণফাঁদে পরিণত হয়েছে। জরাজীর্ণ এসব সেতুর লোহার পাটাতন (স্লিপার) ভেঙে যাত্রী ও পণ্যবাহী বাস-ট্রাক আটকে যাচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে সওজের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ প্রথম আলোকে বলেন, ‘বরিশাল সড়ক সার্কেলের আওতায় থাকা ৩০টি বেইলি সেতু পুরোনো হয়ে যাওয়ায় সেগুলো ঝুঁকির মধ্যে আছে। এর মধ্যে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ভুরঘাটা থেকে লেবুখালী পর্যন্ত সাতটি বেইলি সেতু স্থায়ী বা পাকা সেতু করার জন্য আমরা অনুমোদন পেয়েছি। বাংলাদেশ সেতু উন্নয়ন প্রকল্পের আওতায় এই সাতটি সেতু নির্মাণ হবে। এ ছাড়া মুলাদী উপজেলায় তিনটি সেতু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেগুলোও আমরা দ্রুত পাকা করার চেষ্টা করছি। জেলার বাকি সব বেইলি সেতুর স্থানে পাকা সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছি।’
বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার-সংলগ্ন বেইলি সেতুটির পাটাতন (স্লিপার) গত সোমবার সকালে ভেঙে বিটুমিনবোঝাই একটি লরি আটকে যায়। এতে ব্যস্ততম এই সড়কে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একইভাবে গত বছরের ১৮ সেপ্টেম্বর বরিশাল-মুলাদী-হিজলা সড়কের প্যাদার হাট বাজার-সংলগ্ন এলাকার বেইলি সেতুটি চালবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে। এতে বরিশাল সদর থেকে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার একাংশের সঙ্গে সড়ক যোগাযোগ তিন-চার দিন বিচ্ছিন্ন ছিল। পরে সেতুটি মেরামত করা হলেও ঝুঁকি কমেনি।
সওজ সূত্র বলছে, একইভাবে মুলাদী উপজেলার রাখুয়া ও সদরের বেইলি সেতু দুটি খুবই নাজুক অবস্থায় রয়েছে। মারাত্মক ঝুঁকিতে আছে বানারীপাড়ার রায়েরহাট বেইলি সেতুটিও। এই সেতুতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। পাঁচ বছর ধরে এটি একই অবস্থায় আছে। কয়েক বছর আগে সেতুটির ওপর দিয়ে ট্রাক চলাচল নিষিদ্ধ করে সওজ। কিন্তু এই নিষেধাজ্ঞা মানছে না কেউ। এ ছাড়া গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী সেতুটির অবস্থাও বেহাল। দীর্ঘদিন সংস্কার করা হয়নি। চুরি হয়ে গেছে সেতুটির লোহার কাঠামোর বিভিন্ন সরঞ্জাম। নাজুক সেতুটির ওপর দিয়ে বর্তমানে ঝুঁকি নিয়ে চলছে যান।
এ ছাড়া উজিরপুরের সনুহার-সাতলা এবং বাবুগঞ্জের কেদারপুর, আগরপুর, মাধবপাশা, গুঠিয়া এলাকার বেইলি সেতুগুলোরও কম-বেশি একই অবস্থা।
যানবাহনচালকদের অভিযোগ, সওজ কর্তৃপক্ষ এসব সেতুর দুই প্রান্তে ‘ঝুঁকিপূর্ণ সেতু’ লেখা সাইনবোর্ড লাগিয়েই বছরের পর বছর দায় এড়িয়ে চলছে।
পটুয়াখালী-বরিশাল-ঢাকা পথের সুগন্ধা পরিবহনের চালক মো. কালাম হোসেন ও বরগুনা-বরিশাল-ঢাকা মেঘনা পরিবহনের চালক দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, যুগ যুগ ধরে তাদের জরাজীর্ণ বেইলি সেতুগুলোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
সওজের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ বলেন, এসব সেতু পাঁচ টনের ওপরে পণ্যবাহী কোনো যানবাহন চলাচলের উপযোগী নয়। কিন্তু ব্যস্ততম এসব সড়কে তার চেয়ে বেশি বোঝাইয়ের গাড়ি অহরহ চলছে।