বরিশালের ৫৯ গ্রামে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে
বরিশালে প্রাথমিক বিদ্যালয় নেই এমন ২২৭ গ্রামের মধ্যে ৫৯টিতে বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে ওইসব গ্রামে ভূমি অধিগ্রহণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর।প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, বরিশাল বিভাগের ২২৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। এর মধ্যে বরিশাল জেলায় ৬৬টি, ভোলায় ৯৪টি, পিরোজপুরে ২৬টি, পটুয়াখালীতে ৩৬টি, বরগুনায় ২৩টি ও ঝালকাঠি জেলার ৩২টি গ্রাম প্রাথমিক বিদ্যালয়শূন্য। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল জেলায় ১৭টি, পটুয়াখালীতে ১৪টি, ভোলায় ১১টি, ঝালকাঠিতে পাঁচটি, বরগুনায় ছয়টি ও পিরোজপুর জেলায় ছয়টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। আরও ৫০টি গ্রামে শিগগির প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে বলে জানা গেছে।প্রাথমিক শিক্ষা বিভাগের বরিশাল বিভাগীয় উপপরিচালক এস এম ফারুক বলেন, বরিশাল বিভাগের অনেক গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের দূরের স্কুলে গিয়ে পড়তে সমস্যা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তালুকদার মো. ইউনুস বলেন, সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বরিশাল বিভাগের যেসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।