বরিশাল অঞ্চলের অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁর পানিতে উচ্চমাত্রার কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তর হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করা খাওয়ার পানির নমুনা পরীক্ষা করে ওই তথ্য পেয়েছে।পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, বিভাগের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় শতকরা ৭৮ ভাগ হোটেল-রেস্তোরাঁর খাওয়ার পানিতে উচ্চমাত্রায় কলিফর্ম ব্যাকটেরিয়ার জীবাণুর সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে ওইসব হোটেলমালিক এবং সিটি করপোরেশন ও সব পৌরসভার পানি সরবরাহ বিভাগকে বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি জানান, বরিশাল বিভাগের ছয়টি জেলার মধ্যে পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ পটুয়াখালী জেলার অবস্থা সবচেয়ে শোচনীয়। এ জেলায় সর্বোচ্চ ৮২ ভাগ হোটেল-রেস্তোরাঁর পানিতে উচ্চ মাত্রায় জীবাণু পাওয়া গেছে। এর পরের অবস্থানে রয়েছে ভোলা ও বরগুনা। এই দুই জেলার ৮১ ভাগ হোটেল-রেস্তোরাঁর পানিতে দূষিত জীবাণুর সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া ঝালকাঠিতে ৭৬ ভাগ, বরিশালে ৭৫ ভাগ এবং পিরোজপুরে ৭০ ভাগ হোটেল-রেস্তোরাঁর পানিতে জীবাণু পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, গত চার বছরে বরিশাল বিভাগের ছয়টি জেলার ৯৪৬টি হোটেল-রেস্তোরাঁর পানির নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় উচ্চমাত্রায় কলিফর্ম ব্যাকটেরিয়া জীবাণুর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনসহ জেলার ৪৯৩টি হোটেল-রেস্তোরাঁর পানি পরীক্ষা করে ৩০২টিতে জীবাণু পাওয়া গেছে। এ ছাড়া কুয়াকাটা সৈকতসহ পটুয়াখালীর ১৩১টির মধ্যে ১০৮টি, ভোলার ১৫১টির মধ্যে ১১২টি, পিরোজপুরের ৫২টির মধ্যে ৩৬টি, ঝালকাঠির ৪১টির মধ্যে ৩১টি এবং বরগুনার ৭৮টি হোটেল রেস্তোরাঁর মধ্যে ৬৩টির পানিতে জীবাণু পাওয়া গেছে। এ ব্যাপারে বরিশালের সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, খাওয়ার পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া মাত্রার চেয়ে বেশি হলে পেটের পীড়া, আমাশয়, ক্রোনিক আমাশয়সহ পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে অন্যান্য রোগের দিকেও যেতে পারে। এ ব্যাপারে হোটেলমালিক এবং গ্রাহকদের সচেতন হওয়া প্রয়োজন।