বরিশাল-রাজশাহীতে ৪৬৯ জনের গ্রেড পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে বরিশাল ও রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৬৯ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে বরিশালে ১৬৩ জন ও রাজশাহীতে ৩০৬ জন। দুই বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডের ১০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। সংশোধিত ফলাফলে ৫৩ জন নতুন করে কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ বেড়েছে ১৭টি।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, প্রতিবছরই খাতা দেখায় পরীক্ষকেরা কিছু ভুল করেন। এ কারণে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। এ বছর এ রকম ৩৮ পরীক্ষকের তালিকা করা হয়েছে। এঁদের মধ্যে ২০ জন প্রধান পরীক্ষক। তাঁদের শিক্ষা বোর্ডের কাজ থেকে বিরত রাখতে কালো তালিকাভুক্ত করা হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল ৩০ হাজার ৪০৩ শিক্ষার্থী। এর মধ্যে ৩০৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। আর নতুন করে কৃতকার্য হয়েছে ৭৪ জন। জিপিএ-৫ বেড়েছে ৪টি।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, আবেদনকারীর তুলনায় ফলাফল পরিবর্তন হওয়ার ঘটনা অনেক কম। তারপরও এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য পরীক্ষকদের খাতা মূল্যায়নে আরও যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হবে।

গত ১১ মে বরিশাল ও রাজশাহীসহ সারা দেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে বিভিন্ন বোর্ডের খাতা মূল্যায়নে ভুল হওয়ার বিষয়টি পরবর্তী সময়ে ধরা পড়ে।