বরিষ ধরা-মাঝে শান্তির বারি

অনুষ্ঠানটি ছিল ঘরোয়া। প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যে বিদেশি বন্ধুরা এসেছিলেন, তাঁদের সম্মানে অদিতি মহসিনের গান। প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে অতিথিদের সঙ্গে প্রথম আলোর কর্মীরাও মুগ্ধ হয়ে শুনলেন অদিতির গান। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় বসেছিল এই গানের আসর।
দেশ ও বিশ্বময় অস্থিরতার কথা মনে করিয়ে দিয়ে অদিতি শুরু করলেন রবীন্দ্রনাথের অল্প বয়সে লেখা ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ প্রার্থনা সংগীত দিয়ে। এরপর পূজা পর্যায়ের ‘জগতে আনন্দযজ্ঞে’, আর ‘বিপুল তরঙ্গ রে’, ‘যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে’র পর ভানুসিংহের পদাবলীর ‘মরণ রে, তুঁহুঁ মম’। তারপর প্রেম পর্যায়ের ‘ভালোবেসে, সখি, নিভৃতে যতনে’, ‘ওগো আমার চির অচেনা পরদেশি’, ‘আমি মারের সাগর পাড়ি দেব’, ‘না বুঝে কারে তুমি ভাসালে’—গানের পর গান। আর গানের ফাঁকে ফাঁকে বললেন গান নিয়ে কথা। তাতে আরও জমে উঠল গানের ঘর।
বড় নিবিষ্ট হয়ে গাইলেন শেষ গান—‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’। ভারি চমৎকার গাইলেন, চোখ ভিজে উঠল শ্রোতাদের।
অদিতির সঙ্গে তবলায় ছিলেন সুবীর ঘোষ, বেহালায় আলমাস আলী, কি-বোর্ডে ইফতেখার হোসেন সোহেল।
অনুষ্ঠানের শুরুতে আনন্দ-অভিবাদন জানিয়েছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনিই অনুষ্ঠান শেষে অদিতিকে ধন্য বললেন। বিনয়-ভাষ ঁজানালেন অতিথিদের।