বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে দীর্ঘ জলাবদ্ধতা
একটু বৃষ্টি হলেই পানিতে মাঠ ভরে যায়। ওই পানি আর সহজে নামতে পারে না। দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে ধীরে ধীরে তা জলাশয়ে রূপ নেয়। এই অবস্থায় পচা, দুর্গন্ধময় পানি সামনে রেখেই শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। পানির ওপর দিয়েই শিক্ষার্থীদের ছাত্রাবাসে যেতে হয়। এ চিত্র কুমিল্লার বরুড়া উপজেলার বরুড়া শহীদস্মৃতি সরকারি কলেজ মাঠের।
কলেজ মাঠের পাশে কোনো নালা নেই। আর পানি নেমে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়ে কলেজের আশপাশে গড়ে উঠেছে বহু বাসাবাড়ি। এ কারণে সামান্য বৃষ্টিতেই কলেজ মাঠ থাকে জলমগ্ন।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পুরো মাঠ পানিতে থইথই করছে।
কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হোসেন বলেন, ২০১১ সাল থেকে একটু বৃষ্টি হলেই বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ পানিতে নিমজ্জিত হয়। সেখানে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থাকেই। অন্য মৌসুমে বৃষ্টি হলেও কমপক্ষে ১৫ দিন পানি জমে থাকে। কলেজের দক্ষিণ ও পূর্ব পাশের নালা ভরাট করে একাধিক বাসাবাড়ি হওয়ায় পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। তার ওপর কলেজের চারপাশে কোনো নালা না থাকায় পানি নামতে পারছে না। এতে করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কলেজের পক্ষ থেকে বরুড়া পৌরসভাকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে।
বরুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক ও কলেজ ছাত্রাবাসের একাধিক শিক্ষার্থী জানান, ‘কলেজ মাঠে পানি থাকায় অনেক দূর ঘুরে আমাদের গন্তব্যে যেতে হয়। এতে করে ভোগান্তি বাড়ে। মাঝেমধ্যে শিক্ষার্থীরা পানির মধ্যে পড়ে নাকাল হয়।’
জানতে চাইলে বরুড়া পৌরসভার মেয়র জসিম পাটোয়ারী বলেন, ‘দীর্ঘদিন ধরে কলেজ মাঠ জলাবদ্ধ। কলেজের দক্ষিণ পাশের নালা দিয়ে খালের সঙ্গে সংযোগ স্থাপন করে পানি নামার ব্যবস্থা করা হবে। বরাদ্দ এলে আগামী শুকনো মৌসুমে ওই কাজ করা হবে।