বরুড়ায় সড়ক ক্ষতবিক্ষত

কুমিল্লার বরুড়া উপজেলার ৪৬টি সড়কের প্রায় সবগুলোই খানাখন্দে ভরা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় কিছু সড়ক ভেঙে গেছে। পিচঢালাই উঠে গিয়ে কিছু কিছু সড়ক এবড়োখেবড়ো হয়ে আছে। এতে এসব সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে উপজেলার কয়েক লাখ মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরুড়া উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলায় ২৬৩ দশমিক ৫৩৭ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে এলজিইডির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৮৩ দশমিক ৫৯৭ কিলোমিটার এবং সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৭৯ দশমিক ৯৪ কিলোমিটার সড়ক আছে। এলজিইডির অধীনে ৪২টি ও সওজের অধীনে চারটি সড়ক আছে। এলজিইডির অধীন ১০৪ দশমিক ২৬৪ কিলোমিটার সড়ক ভাঙাচোরা।
এলজিইডি সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এ এস এম মহসীনের কাছে এসব সড়ক মেরামতের জন্য ১৮ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা বরাদ্দ চাওয়া হয়। তবে নির্বাহী প্রকৌশলী বলেন, কুমিল্লার ১৬ উপজেলার সড়ক সংস্কার ও মেরামতের জন্য চলতি অর্থবছরে ৩০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ওই টাকা থেকে আড়াই কোটি টাকা বরুড়া উপজেলায় বরাদ্দ দেওয়া যাবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন ৭৯ দশমিক ৯৪ কিলোমিটার সড়কের অর্ধেকের অবস্থা বেশি খারাপ। এর মধ্যে লালমাই থেকে জগৎপুর পর্যন্ত প্রধান সড়কে খানাখন্দ রয়েছে। বরুড়া-পয়ালগাছা সড়কের পিচ উঠে গেছে। নিমসার-বরুড়া সড়কের মধ্যে ডোবার সৃষ্টি হয়েছে। ক্যান্টনমেন্ট-বরুড়া সড়কের মধ্যে বড় বড় গর্ত রয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বরুড়া-আড্ডা সড়কের বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনের সড়কে পিচ উঠে কাদায় একাকার হয়ে আছে। তলাগ্রাম করাতকলের সামনে বিশাল গর্ত, কাঁছিয়াপুকুরিয়া গ্রামের শহীদুল্লাহ বিএসসির বাড়ির সামনে সড়ক ভেঙে পুকুরে পড়েছে। একই গ্রামের মুন্সীবাড়ির সামনে সড়ক থেকে পিচঢালাই উঠে গেছে। ফরিদপুর ও আড্ডা কলেজ এলাকায় সড়কে শত শত গর্ত। কলেজ এলাকার কালভার্ট ধসে পড়েছে।
বরুড়া-অশ্বদিয়া সড়কের ছৌমুরী কমিউনিটি ক্লিনিকের সামনে ডোবার সৃষ্টি হয়েছে। বেকী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ও এর পশ্চিমে সড়ক দেবে গেছে। রামপুর, সুলতানপুর বাজার এলাকার সড়কে অন্তত অর্ধশতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। পয়ালগাছা ইউনিয়নের বটতলি থেকে খাজুরিয়া পর্যন্ত সড়কের মধ্যে কোনো পিচ নেই। বিজরা বাজার থেকে ভাতেশ্বর পর্যন্ত সড়কের মধ্যে চষাজমির সৃষ্টি হয়েছে।
বড় কৈয়নী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন বলেন, ছৌমুরী ও বেকী এলাকার মধ্যে অন্তত এক হাজার গর্ত রয়েছে। এতে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বরুড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, বরুড়া-আড্ডা সড়কের ৩ হাজার ৫০০ মিটার কাজের জন্য ১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দরপত্র-প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে ওই সড়কের কাজ শেষ হবে। বৃষ্টির কারণে এত দিন কাজ শেষ করা যায়নি। বরুড়া উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ‘আমরা কিছু কিছু রাস্তার মেরামতকাজ শুরু করেছি। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে অন্যান্য রাস্তা করা হবে।’
সওজ কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন বলেন, অর্থ পাওয়া গেলে পর্যায়ক্রমে বরুড়ার বিভিন্ন সড়কের কাজ শুরু হবে। রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।