কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীকে আহ্বায়ক করে গত শনিবার ২৩ সদস্যের বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ উঠেছে, দলের ত্যাগী ও বর্তমান কমিটির অধিকাংশ নেতাকে বাদ দিয়ে সাংসদের অনুগত ব্যক্তিদের দিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি থাকা অবস্থায় আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর দলীয় কার্যালয়ে সভা ডেকেছেন বর্তমান কমিটির নেতারা।দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে আটটায় কলেজ রোডের ব্যক্তিগত কার্যালয়ে সাংসদ নাছিমুল আলম চৌধুরীর অনুগত ব্যক্তিদের এক সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সভায় সাংসদ নাছিমুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় নাছিমুল আলম চৌধুরীকে আহ্বায়ক, আবদুর রহিম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদকে যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। তবে হাফিজ আহমেদ বলেন, ‘আমি এ ধরনের কমিটির কথা শুনিনি।’ আহ্বায়ক কমিটি ঘোষণার খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি ও চারবারের নির্বাচিত সাংসদ, আওয়ামী লীগের প্রবীণ নেতা মো. আবদুল হাকিম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া আগামী ৩০ নভেম্বর বেলা ১১টায় দলীয় কার্যালয়ে কার্যকরী কমিটির সভা আহ্বান করেন। জানতে চাইলে মো. আবদুল হাকিম বলেন, বর্তমান কমিটিকে না জানিয়ে কোনো ধরনের সভা না ডেকে সাংসদ একতরফা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন; যা অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য ও দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ ধরনের কমিটি করার এখতিয়ার সাংসদের নেই। সাংসদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও কমিটি ঘোষণার প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর দলের বৈঠক ডাকা হয়েছে।আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন মজুমদার বলেন, দলের বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য ওই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংসদের ব্যক্তিগত কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। তবে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গঠনের বিষয়ে জানেন না।কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, ‘কমিটি গঠনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে জেলা কমিটিকে না জানিয়ে এ ধরনের কমিটি গঠন করা সম্ভব নয়।’ জেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম আহ্বায়ক ও হুইপ মো. মুজিবুল হক বলেন, ‘আমি তোমার কাছ থেকে (এই প্রতিবেদক) কমিটি গঠনের বিষয়টি শুনলাম।’ এ ব্যাপারে সাংসদ নাছিমুল আলম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এর আগে গত ১৯ অক্টোবর মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘কেন্দ্রীয়ভাবে কোনো কমিটি ভাঙার নির্দেশনা এ মুহূর্তে নেই। কিন্তু দলের এলোমেলো অবস্থার কারণে রাজনীতি করতে অসুবিধা হচ্ছে। তাই দলীয় সদস্যরা আমাকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বানিয়েছে। জেলা আওয়ামী লীগের আহ্বায়কের সম্মতি নিয়েই আমি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হয়েছি।’বিগত সংসদ নির্বাচনে সাবেক সাংসদ মো. আবদুল হাকিমকে বাদ দিয়ে নতুন মুখ নাছিমুল আলম চৌধুরী এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান। এর পর থেকে উভয় নেতার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, দেখা দেয় মতবিরোধ। আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে এই বিভক্তি আরও প্রকট হবে বলে অনেক নেতা-কর্মী মনে করছেন।