কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোলায়মান পাটওয়ারীসহ (২৭) তিন ব্যক্তিকে চোরাই গাড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বরুড়া উপজেলা সদরের নিজ বাড়ি থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন বরুড়া উপজেলার লতিফপুর গ্রামের সুমন মিয়া ও আলী আজম।মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও বরুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, হবিগঞ্জের চুনারুঘাটের মাইক্রোবাসের চালক মহসিন মিয়াকে (৩০) হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় গত বুধবার বিএনপি নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোলায়মানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলা করে চুনারুঘাট থানার পুলিশ। বুধবার গভীর রাতে বরুড়া থানার পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল থানার পুলিশ ভাইস চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে। ভোরে ভাইস চেয়ারম্যান সোলায়মানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।